
রাজধানীর ধানমন্ডি, মিরপুর ও রামপুরা অঞ্চলের বিভিন্ন স্কুল নিয়ে শুরু হতে যাচ্ছে ফার্মফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উত্সব-২০১৩। এ উপলক্ষে এসব অঞ্চলের স্কুলের ৯৮ জন শিক্ষক ও মডারেটরকে নিয়ে আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে দিনব্যাপী হয়ে গেল এক মতবিনিময় সভা। ‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ এই স্লোগান নিয়ে রাজধানীকে মোট পাঁচটি অঞ্চলে ভাগ করে শুরু হতে যাচ্ছে এই উত্সব, যেখানে অংশ নেবে ২০০টি স্কুলের বিতার্কিকরা।
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুদ্দিন হাওলাদার ‘প্রথম আলো’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সব সময় “প্রথম আলো” ভালো কাজ করে। তাই এই কাগজের প্রতি আমাদের অনেক আশা থাকে। বিতর্ক উত্সবের এই আয়োজন ছেলেমেয়েদের এগিয়ে নিতে সহায়তা করবে।’

হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রোকেয়া বেগম বলেন, ‘এই আয়োজনে আমাদের শিক্ষার্থীরা আরও একধাপ এগিয়ে যাবে। তাদের কর্মশালা করে শেখানো গেলে এ উদ্যোগ আরও ফলপ্রসূ আয়োজন হতো।’
দিনব্যাপী আয়োজন ও কর্মশালায় বিভিন্ন সময় বক্তব্য দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক শিরিন সুলতানা, ভািকারুন নিসা নূন স্কুল ধানমন্ডি শাখার শিক্ষক মুবিনা মোস্তাফা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষক কাজী রুখসানা হক, মিরপুর উদয়ন স্কুলের প্রধান শিক্ষক রবিউল আলম, ক্যামব্র্রিয়ান স্কুলের বিতর্ক শিক্ষক এনামুল কবিরসহ আরও অনেকে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘১০ বছরে আমাদের শিক্ষার্থীরা বড় বড় চারটা পরীক্ষার সম্মুখীন হয়, যা পৃথিবীর কোনো দেশে নেই। তাই আমাদের শিক্ষার্থীদের আলাদা কিছু শেখার সময় কমে যাচ্ছে।’ শিক্ষার্থীদের গল্পের ছলে শেখানোর জন্যে শিক্ষকদের প্রতি মুনির হাসান অনুরোধ জানান।

মতবিনিময় সভায় ‘প্রথম আলো’র ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘শুধু মুখস্থ না করে আমাদের ছেলেমেয়েরা নিজে বলতে শিখুক। আর এই বলতে পারার শিক্ষাটা সফল হতে পারে বিতর্কচর্চার মাধ্যমে।’
‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমাদের শিক্ষকেরা সবখানে আমাদের শিক্ষা দেন। শুধু পাঠ্যবই নয়, নাচ-গান, আবৃত্তি, নাটক, বিতর্ক এসব মিলেই একজন শিক্ষার্থীর জীবন। তাকে গড়ে তুলতে হবে প্রকৃত মানুষ হিসেবে, যা একজন শিক্ষক সহজেই করতে পারেন।’
মতবিনিময় সভার শুরুতেই ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশের অনেক সামাজিক শক্তির মধ্যে আমাদের শিক্ষিত তরুণেরা একটি বড় শক্তি। আর এদের শিক্ষিত করে গড়ে তুলতে আপনাদের মতো শিক্ষকেরা কাজ করে যাচ্ছে সব সময়। শুরু থেকেই আমরা দলমতের ঊর্ধ্বে থেকে একটা নিরপেক্ষ পত্রিকা করতে চেয়েছি। বিতর্ক একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে। “প্রথম আলো” শুরু থেকেই তাই বিতর্কচর্চার সঙ্গে আছে। এবারে আপনাদের সহযোগিতায় আমরা এটাকে আরও সুন্দরভাবে আয়োজন করতে চাই।’

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে স্কুলের মডারেটরদের নিয়ে বিতর্কের নানা বিষয়ে আলোচনা করা হয়। মডারেটরদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিতার্কিক জিয়াউল হক, শেখ তাসমির আলম, শাকিল মাহবুব ও হাসান মাহমুদ।
সারা দিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
অনুষ্ঠানে ধানমন্ডি, রামপুরা ও মিরপুরের যেসব স্কুল অংশ নেয় সেগুলো হলো—
মিরপুর
বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ
বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ
বিসিআইসি কলেজ
এসওএস হারম্যান মেইনার কলেজ
জান্নাত একাডেমি
মিরপুর উদয়ন স্কুল
মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট
আদর্শ উচ্চ বিদ্যালয়
শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়
শেরেবাংলা নগর বালক উচ্চবিদ্যালয়
পল্লবী এম আই মডেল হাইস্কুল
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ
বঙ্গবন্ধু বিদ্যানিকেতন
বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ
ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি অ্যান্ড স্কুল
কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ
ধানমন্ডি
সানিডেল স্কুল
রায়ের বাজার উচ্চবিদ্যালয়
ঢাকা পাবলিক স্কুল
জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুল
ধানমন্ডি কামরুন্নেচ্ছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
নীলক্ষেত উচ্চবিদ্যালয়
বিসিএসআইআর উচ্চবিদ্যালয়
কাকলী উচ্চবিদ্যালয়
উইলস লিটল ফ্লাওয়ার হাইস্কুল
লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালিকা শাখা)
মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
জামিলা আইনুল আনন্দ উচ্চবিদ্যালয় ও কলেজ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ
রাজধানী উচ্চবিদ্যালয়
হলিক্রস গার্লস হাইস্কুল
ফিরোজা বাশার আইডিয়াল কলেজ
সরকারি বিজ্ঞান সংযুক্ত হাইস্কুল
কিশলয় উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল
রামপুরা
ভিকারুননিসা নূন স্কুল
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ
খিলগাঁও আইডিয়াল স্কুল
শাহীন স্কুল
ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট
রামপুরা একরামুন্নেছা উচ্চবিদ্যালয়
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ