যুক্তির শৃঙ্খলে মুক্তির আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় বিতর্ক উত্সবের উদ্বোধনী পর্বে বেলুন ওড়ানো হচ্ছে
চট্টগ্রামে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় বিতর্ক উত্সবের উদ্বোধনী পর্বে বেলুন ওড়ানো হচ্ছে

সবারই মুক্তি দরকার। এই মুক্তি যেমন দরকার ক্ষুধা আর দারিদ্র্য থেকে তেমনি দরকার অজ্ঞতা আর কুসংস্কার থেকেও। আর এই জন্যই যুগে যুগে মুক্তির লড়াই বেগবান হয়েছে। অজ্ঞতা আর কুসংস্কার থেকে মুক্তি পেতে হলে দরকার জ্ঞানের বিকাশ ও তার প্রয়োগ। তবে, সমাজে সব সময় জ্ঞান আর বুদ্ধির বিকাশ সহজে হয় না। কখনো কখনো পাহাড়সম হয়ে দাঁড়ায় নানা ধরনের বাধা। আর সেই বাধা পেরোতে দরকার শৃঙ্খল!! হ্যাঁ, মুক্তির জন্য আমাদের শৃঙ্খলই লাগে। যুক্তির শৃঙ্খল।
সারা দেশের স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিতে মুক্তির লড়াইয়ে আগ্রহী করে তোলার জন্য গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব। সারা দেশকে মোট ৩২টি অঞ্চলে ভাগ করে এখন অনুষ্ঠিত হচ্ছে এর আঞ্চলিক উৎসব। যুক্তিমালা নিয়ে সেখানে লড়ছে আমাদের খুদে বিতার্কিকেরা।
উৎসব থেকে ক্যাম্প
নতুন প্রজন্মের সঙ্গে প্রথম আলোর পথচলা তার জন্মলগ্ন থেকেই। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, গণিত উৎসব, ভাষা প্রতিযোগসহ নানা আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্মের সঙ্গে থাকাই প্রথম আলোর অন্যতম কাজ। এই সব উদ্যোগের পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা বা মোবাইল অ্যাপস প্রতিযোগিতার মতো বিষয়েও প্রথম আলোর সহযোগিতা রয়েছে। স্থানীয় পর্যায়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও আমরা বিতর্ক প্রতিযোগিতায় যুক্ত হয়েছি।

সর্বশেষ, ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব হয়েছে ঢাকা মহানগরের পাঁচটি অঞ্চলজুড়ে। আর এসবের অভিজ্ঞতা নিয়ে এবার এই পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসবের আয়োজন।
উৎসবে অংশ নিচ্ছে জেলা-উপজেলার খুদে বিতার্কিকেরা। সারা দেশ থেকে আঞ্চলিক উৎসবের চ্যাম্পিয়ন দলগুলো ঢাকায় এসে লড়বে জাতীয় উৎসবে। তার আগে, তাদের বিতর্কের কলাকৌশলে আরও দক্ষ করে তোলার জন্য অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক ক্যাম্প। আবাসিক সেই ক্যাম্পে দেশসেরা বিতার্কিকেরা যোগ দেবে আমাদের খুদে বিতার্কিকদের সঙ্গে। শুরু হবে এক নতুন পথে চলা।
বোকারা মেনে নেয়, কিন্তু
এই সমাজে তিন ধরনের মানুষের দেখা মেলে। একভাগ তেমন কষ্ট করতে চায় না। ওদের যা বলা হয় তাই তারা নির্বিবাদে মেনে নেয়। কোনো প্রশ্ন করে না। এই দল সমাজকে এগিয়ে নিতে পারে না। অন্য আর একটি দল থাকে ওরা মেনে নিতে চায় না। ওরা প্রশ্ন করে, ভালো-মন্দ জানতে চায়। ওদের হাতিয়ার হলো যুক্তি। ওরা পক্ষ-বিপক্ষের যুক্তি বুঝতে চায়, নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে। তাদের যুক্তি তুলে ধরাটা কেবল গায়ের জোরে হয় না। বরং তার পেছনে থাকে তথ্য-উপাত্ত, থাকে সামাজিক বিশ্লেষণ। এরা বুদ্ধিমান ও বুদ্ধিমতী। সমাজে এদের সংখ্যা যত বাড়ে সেই সমাজে অযৌক্তিক কর্মকাণ্ড তত কমে। তবে, এদের একদল আবার আটকে যায় এই বিতর্কের মধ্যে। তখন তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা আর থাকে না। বিতর্কের খাতিরে বিতর্কে জড়িয়ে পড়তে তারা ভালোবাসে, পছন্দ করে। তবে সবকিছু ছাপিয়ে উঠে আর একদল—তারা বিতর্ক করেই থেমে যায় না। তারা এর সারমর্ম জীবনে ধারণ করে। যুক্তির কষ্টিপাথরে যা উঠে আসে তাকে পাথেয় করে তারা এগিয়ে যায়। এরা প্রতিভাবান, এরাই সমাজ আর সভ্যতাকে এগিয়ে নেয়।
বিতর্ক থেকে সত্যের সারাংশ তুলে আনতে পারেন বলে তাঁরা বুঝে ফেলেন—কালোদের ওপর সাদার কর্তৃত্ব যেমন ভালো নয়, তেমনি সাদাদের ওপর কালোদের কর্তৃত্বও ভালো নয়। আদালতে দাঁড়িয়ে তখন তিনি নেলসন ম্যান্ডেলার মতো বলতে পারেন—আমি সাদাদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমি কালোদের আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়াই করেছি। আমি এমন গণতান্ত্রিক ও মুক্ত সমাজের কথা ভাবি যেখানে সবারই সমান অধিকার থাকবে।”

রাজশাহী অঞ্চলের বিতার্কিকদের সমাবেশ
রাজশাহী অঞ্চলের বিতার্কিকদের সমাবেশ

যেতে হবে অনেক দূর
আগে ডিসেম্বর মাসে গণিত উৎসবের জন্য বিভিন্ন শহরে যাওয়া হতো আমার। এবার বিতর্কের কারণে সেটি শুরু হয়ছে তিন মাস আগেই। যেখানেই যাচ্ছি সেখানেই দেখা হচ্ছে একঝাঁক উদ্দীপ্ত প্রাণের সঙ্গে। তাদের কেউ রাত জেগে বিতর্কের জন্য প্রস্তুত হচ্ছে, কেউ ইন্টারনেটে খুঁজে ফিরছে তথ্য-উপাত্ত, বন্ধুদের সঙ্গে জেনে নিচ্ছে কী করলে জেতাটা সহজ হবে। শুধুু যে খুদে শিক্ষার্থীরাই এই আয়োজনে যুক্ত হয়েছেন তা নয়। স্কুলের শিক্ষক এবং অভিভাবকেরাও দাঁড়িয়েছে তাদের পাশে। জেলা থেকে অন্য জেলা, উপজেলা থেকে জেলা সদরে বিতার্কিকদের নিয়ে যাওয়া ছাড়াও জুগিয়ে যাচ্ছেন উৎসাহ ও অনুপ্রেরণা। অনেক জেলায় বিতর্ক সমিতিগুলো সহায়তা করছে বিতার্কিকদের লড়াইয়ের জন্য। আমি জানি আমাদের স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সহায়তায় সেখানে গড়ে উঠবে বিতর্ক সমিতি। আর সমিতিগুলো হয়ে উঠবে বিতর্কচর্চার প্রাণকেন্দ্র। আর এই বিতর্কের আগুন ছড়িয়ে পড়বে সবখানে। যুক্তিতে মুক্তির খুদে বিতার্কিকেরা সমাজে যুক্তির প্রতিষ্ঠার জন্য লড়ুক।
যুব কর্মসূচি সমন্বয়ক
প্রথম আলো।