যুক্তির স্ফুরণে বাড়ল উৎসবের আমেজ

যুক্তির লড়াইয়ে প্রস্তুত পুরো বিদ্যালয়। বৃক্ষশোভিত মাঠে বিশাল মঞ্চ। আবাসিক এলাকার নীরবতা ছাপিয়ে শুরু হয় যুক্তির লড়াই। ‘ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩’-এর ধানমন্ডি অঞ্চলের প্রতিযোগিতায় ছিল এমন বর্ণাঢ্য উপস্থাপন। ‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে বিতর্ক শিখি আলোকিত হই’ স্লোগানে লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। যুক্তির চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ দুটি দলই ছিল মেয়েদের। যুক্তি-পাল্টাযুক্তির শাণিত বক্তব্য ও করতালিতে জমে ওঠে বিতর্কের চূড়ান্ত লড়াই। বিজয়ী হয় ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার্সআপ হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয় রানার্সআপ প্রতিষ্ঠানের তাবাসসুম মোস্তাচীর। পুরস্কার প্রদান করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও শিল্পী মাহমুদুজ্জামান বাবু। বিজয়ী ও রানার্সআপ দলকে একটি করে ট্রফি ও প্রত্যেক তার্কিককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়। চূড়ান্ত লড়াইয়ের আগে মাহমুদুজ্জামান বাবুর গাওয়া ‘সময়ের দীর্ঘ পথে হেঁটে যেতে হবে বহুদূর’ গান ছিল বেশ উপভোগ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৭টি বিদ্যালয়। সেমিফাইনালে অংশগ্রহণকারী অপর দুটি প্রতিষ্ঠান হলো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি শাখা।