
মাননীয় সভাপতি, মাদক কিংবা জঙ্গিবাদ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে খারাপ বন্ধুদের সঙ্গে মেশার কারণেই নয়, পরিবারের সচেতনতার অভাবেও তরুণেরা এতে জড়িয়ে পড়তে পারেন। অনেক বাবা-মা সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না, এর প্রভাব পড়ে সন্তানের ওপর। এক পক্ষ যখন এই যুক্তি তুলছে, তো আরেক পক্ষ এর বিরোধিতা করে বলছে, না মাননীয় সভাপতি, শুধু পরিবারের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে সমাজ ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এমন একের পর এক যুক্তি–পাল্টাযুক্তি উপস্থাপনায় গতকাল শনিবার পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজে দিনভর জমে উঠেছিল বিতর্ক উৎসব।
‘প্রথম আলো-পুরান ঢাকা স্কুল বিতর্ক উৎসব’কে ঘিরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ তরুণ বিতার্কিক, তাদের শিক্ষক, অভিভাবক ও বন্ধুদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে উঠেছিল। এটি ছিল প্রথম আলোর আয়োজনে পুরান ঢাকার স্কুলগুলোকে নিয়ে পঞ্চম বিতর্ক উৎসব। এবার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। উৎসবের আয়োজনে সহায়তা করেছে প্রথম আলো বন্ধুসভা।
‘যুক্তিতে মুক্তি’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই বিতর্ক উৎসবে মূল প্রতিযোগিতা হয়েছে ‘দলীয় বিতর্ক’ এবং ‘বারোয়ারি বিতর্ক’ এই দুটি পর্যায়ে। দলীয় বিতর্কে প্রতিটি দলে তিনজন করে অংশ নিয়েছে। তবে প্রতিটি দলে সদস্য ছিল চারজন। নকআউট ভিত্তিতে একটি পর্বে জিতে পরের পর্বে অংশ নিয়েছে দলগুলো। এভাবে চূড়ান্ত পর্যায়ে যেতে পাঁচটি পর্বে জয়ী হতে হয়েছে। চূড়ান্ত পর্বে অংশ নেয় টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং ভিকারুননিসা নূন স্কুল (আজিমপুর)। এই পর্বে জিতে চ্যাম্পিয়ন হয়েছে টিকাটুলী কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়। দলীয় বিতর্কে সেরা বিতার্কিক হয়েছে আফরা হোসাইন। তাদের দলের অন্য সদস্যরা হলো নবম শ্রেণির ফাওজিয়া আনজুম, মাহজাবিন তাসনিম ও তামান্না হক। রানারআপ ভিকারুননিসা নূন স্কুলের বিতার্কিকেরা হলো অষ্টম শ্রেণির ফারিয়া ফেরদৌস, নওরিন নাহার ও ফারিয়া আমিন এবং ষষ্ঠ শ্রেণির আমরিন আফরোজ।
বারোয়ারি বিতর্কে সেরা বিতার্কিক হয়েছে হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের কারার ফাতেমা আক্তার, দ্বিতীয় আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মুসকান গৌরী ও নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের সামিয়া আক্তার। এ ছাড়া প্রতিযোগিতার বাইরে একটি মজার পর্ব ছিল ‘রম্য বিতর্ক’। এতে স্কুলের শিক্ষক, মডারেটর, বিচারক ও বিতার্কিকেরা অংশ নেন।
সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। উৎসবে পতাকা উত্তোলন করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন।
উদ্বোধনী বক্তৃতায় পোগোজ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী রফিকুন নবী বলেন, ‘সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। পত্রিকা খুললেই খারাপ সব খবর। কিছু তরুণ এখন উল্টো পথে যাচ্ছে। সেটা কোনোভাবেই কাম্য নয়। এ জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে ভালোবাসতে শিখতে হবে। মানুষকে বাঁচাতে হবে, সংস্কৃতিকে বাঁচাতে হবে। বিভিন্ন স্তরের শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুলের শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।
উৎসবের উদ্বোধনের পর শুরু হয় দলীয় বিতর্ক প্রতিযোগিতা। এই পর্ব হয়েছে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে। মঞ্চে হয়েছে বারোয়ারি বিতর্ক। বিতর্কের ফাঁকে ফাঁকে ছিল শিক্ষার্থীদের অন্য প্রতিভা তুলে ধরার সুযোগ। কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, তো কেউ পড়েছে নিজের লেখা কবিতা। কৌতুক পরিবেশনাও বাদ পড়েনি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মঞ্চে গান করেছেন অতিথি শিল্পী ক্লোজআপ তারকা রাফাত ও শিল্পী সন্ধি।
কেউ হতে চায় সমাজসেবক, কেউ হতে চায় আদর্শ মানুষ: বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ‘আমার স্বপ্ন...’। একেকজন শিক্ষার্থী একেক ধরনের স্বপ্নের কথা জানায়। গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ মাহমুদ বলে, তার স্বপ্ন ভালো বিতার্কিক হওয়া। কারণ, বিতার্কিক হলে ভালো যুক্তিবাদী হওয়া যায়। আর যুক্তিবাদী হলে ব্যক্তি, সমাজ ও দেশের জন্য ভালো হয়।
আনন্দময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঊর্মি ইসলাম চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা দেওয়ার স্বপ্নের কথা জানাল। আবার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হক তার মায়ের মতো আদর্শ মানুষ হতে চায়। কেউ হতে চেয়েছে সমাজসেবক, কেউ সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এমনকি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নের কথাও খোলা মনে জানিয়ে দিয়েছে তরুণ শিক্ষার্থীরা। তবে কর্মজীবনে পেশা হিসেবে যে যা–ই বেছে নিক না কেন, সবাই ভালো মানুষ হওয়া আর দেশকে ভালোবাসার কথা বলেছে।
বিকেলে সমাপনী পর্বে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তির ভেতর দিয়েই সহনশীল, মানবিক মূল্যবোধে উজ্জীবিত জীবন ও সমাজ গড়ে তোলা সম্ভব। সে কারণেই প্রথম আলো তরুণ শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে আসছে।
বিতর্কে অংশগ্রহণকারী স্কুল: ঢাকা কলেজিয়েট স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, হাম্মাদিয়া উচ্চবিদ্যালয়, আরমানিটোলা গভ. হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রায়হান স্কুল অ্যান্ড কলেজ, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, নবকুমার ইনস্টিটিউট ও ড. শহীদুল্লাহ্ কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল (আজিমপুর), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, রহমতুল্লাহ মডেল হাইস্কুল, জামিলা খাতুন লালবাগ বালিকা উচ্চবিদ্যালয়, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বংশাল বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কটনমিল স্কুল অ্যান্ড কলেজ, নবাবপুর গভ. উচ্চবিদ্যালয়, গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (যাত্রাবাড়ী), তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ।