যুগ পেরোনো ১৮ জেল আপিলের শুনানি হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাসহ বিভিন্ন অপরাধে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ১৮ আসামির পৃথক জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এক যুগের বেশি সময় আগে এই আপিলগুলো করা হয়।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব জেল আপিল (কারাগারে থেকে করা) শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন। আদেশে এসব জেল আপিল দ্রুত সময়ের মধ্যে এখতিয়ারসম্পন্ন বেঞ্চে শুনানির জন্য পাঠাতে হাইকোর্টের জেল আপিল শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদালতে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশের পর কারাগারে থাকা দণ্ডিত আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে উচ্চ আদালতে জেল আপিল করে থাকেন। নথিতে দেখা যায়, শুনানির জন্য গৃহীত হওয়া এসব জেল আপিল ১৭ থেকে ২০ বছর আগে করা হয়েছে। অর্থাৎ ১৭ থেকে ২০ বছর ধরে এসব আসামিরা কারাগারে আছেন। পদ্ধতিগত ত্রুটির কারণে এ ধরনের জেল আপিলগুলো বছরের পর বছর শুনানি না হয়ে এভাবে পড়ে থাকে।

আদালত সূত্রে জানা গেছে, ১৮ জনের মধ্যে রফিকুল ১৯৯৯ সালে, সুলতান ১৯৯৬ সালে, বিল্লাহ ১৯৯৬ সালে, গিয়াস উদ্দিন ২০০১ সালে, লাল মিয়া ২০০০ সালে, জালাল ১৯৯৭ সালে পৃথক মামলায় দণ্ডিত হয়ে জেল আপিল করেন।