বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) যুগপূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। ২০০০ সালের ৮ জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে প্রশাসন ভবন প্রাঙ্গণে মিলিত হন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাসহ সব কর্মকর্তা-কর্মচারী এ উৎসবে যোগ দেন।সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এমপি, বিশ্বদ্যািলয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হারুন-অর রশীদ হাওলাদার জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। দুমকি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান। প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। সভায় প্রধান আলোচক ছিলেন বিশ্বদ্যািলয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন।