যুগান্তর-যমুনা টিভির বিরুদ্ধে ২০০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা
দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পক্ষে পৃথক দুটি মামলা করেছে বেসরকারি মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।
আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়। বিচারক শাহাদত হোসেন শুনানি শেষে মামলায় সংবাদ প্রকাশ ও প্রচারে কেন অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে যুগান্তর ও যমুনা টিভিকে কারণ দর্শাতে বলেছেন।
মামলা দুটিতে বিবাদী করা হয়েছে—দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, প্রতিবেদক মুজিব মাসুদ, মনির হোসেন, পরিচালক আবদুল ওহাব ও যমুনা প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন। পৃথক মামলায় আসামিরা হলেন যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহম্মেদ, প্রতিবেদক সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিন। দুটি মামলায় বিবাদীদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৫ নভেম্বর সমন জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গ্রামীণফোনের পক্ষে আজ জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা একরামুর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী তানজিম আল ইসলাম। তিনি আদালতকে বলেন, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন তারিখে যুগান্তর ও যমুনা টিভি গ্রামীণফোনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। বাস্তবে ওই প্রতিবেদনগুলোর কোনো ভিত্তি নেই। গণমাধ্যম দুটি অসৎ উদ্দেশ্য নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করছে। এতে করে গ্রামীণফোন ব্যবসায়িকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেক মামলায় এক হাজার কোটি টাকা করে মোট দুই হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞার শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংবাদ প্রকাশের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন জানান। শুনানি শেষে আদালত মামলা দুটির বিবাদীদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন।
আরজিতে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘রাজস্ব ফাঁকির শীর্ষে গ্রামীণফোন’, ১৭ সেপ্টেম্বর ‘সাড়ে সাত হাজার কোটি টাকা নিয়ে গেছে গ্রামীণফোন’, ১৮ সেপ্টেম্বর ‘রেলওয়ে টেলিকম নেটওয়ার্ক নিয়ে গ্রামীণফোনের হরিলুট’, ১৯ সেপ্টেম্বর ‘প্রতারণার জালে শীর্ষে গ্রামীণফোন’, ২০ সেপ্টেম্বর ‘সিম রিপ্লেসমেন্টের নামে গ্রামীণফোনের কর ফাঁকি দেড় হাজার কোটি টাকা’সহ বিভিন্ন শিরোনামে গ্রামীণফোনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুল সংবাদ প্রকাশ করার অভিযোগ আনা হয়।