যুগান্তরের বিরুদ্ধে জামায়াত নেতার ক্ষতিপূরণ মামলা
দৈনিক যুগান্তরের সম্পাদক, বার্তা সম্পাদক ও শেরপুর সংবাদদাতার বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। গতকাল মঙ্গলবার ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেন। আগামী ৫ মে সমন জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। বিবাদীরা হলেন যুগান্তরের সম্পাদক সালমা ইসলাম, বার্তা সম্পাদক (নাম দেননি) ও শেরপুর সংবাদাতা আবদুর রহিম। কামারুজ্জামানের পক্ষে মামলা করেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ৩ মার্চ যুগান্তর পত্রিকায় ‘এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন কামারুজ্জামান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশের কারণে কামারুজ্জামান সামাজিকভাবে হেয় ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।