যুগান্তরের বিরুদ্ধে নৌমন্ত্রীর মানহানির মামলা, সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল আলম ও প্রতিবেদক জসীম চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ মামলা করেন।মহানগর হাকিম এ জি এম আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত সম্পাদক সালমা ইসলামসহ তিনজনকে আগামী ১৮ অক্টোবর হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।মামলার আরজিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নৌপরিবহনমন্ত্রীকে জনসমক্ষে হেয় করার উদ্দেশ্যে গত ২৪ আগস্ট ‘অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রীর কোটি কোটি টাকা অপচয়: ১৪ বার বিদেশ সফর’ শিরোনামে পত্রিকাটিতে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার কোটি টাকার স্বপ্নের প্রকল্প গ্রহণ, এসব বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ধারাবাহিক বিদেশ সফর এবং কথার ফুলঝুরিতেই আড়াই বছর পার করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ ছাড়া ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের তোড়জোড় এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ। পৃথক সংস্থা হলেও কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে প্রকল্পের নামে টাকা খরচ করা হচ্ছে। আরজিতে আরও বলা হয়, বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নামে ১৪ কোটি টাকা ব্যয় করার পর আরও ৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে। ২৫ আগস্ট ‘আরও নৌ খাতে অহেতুক অপচয়’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে নৌমন্ত্রীকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে। এ কারণে তিনি এ মামলা করেন।