যুগ্ম সচিব, উপসচিব পদে ১৩২ জনের পদোন্নতি
অতিরিক্ত সচিবের পর এবার যুগ্ম সচিব ও উপসচিব পদে ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ৭০ জন উপসচিবকে যুগ্ম সচিব ও ৬২ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার এ বিষয়ে পৃথক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়াও যুগ্ম সচিব পদে তিনজন ও উপসচিব পদে আরও দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তাঁরা বিদেশে কর্মরত। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসনের ৮৩ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অধিকাংশই এর আগে পদোন্নতির যোগ্য হয়েও পাননি। এবারে পদোন্নতিতে ‘বঞ্চিত’ এসব কর্মকর্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিগগিরই উপসচিব পদে আরও কিছু কর্মকর্তার পদোন্নতির প্রক্রিয়া রয়েছে। তবে এত পদোন্নতি দিলেও উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে কোনো পদ খালি নেই। বরং এখন অনুমোদিত পদের চেয়ে প্রত্যেকটি স্তরে অতিরিক্ত কর্মকর্তা থাকায় পদোন্নতি পেয়েও তাঁদের এক বা দুই স্তর নিচের পদে কাজ করতে হচ্ছে।