যুগ্ম সচিব পদে ১৪৮ জনের পদোন্নতির সুপারিশ
জনপ্রশাসনে অন্তত ১৪৮ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তাঁরা সবাই ১৯৮৪ সালে চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তা।সুপারিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে কমবেশি ১২৬ জন প্রশাসন এবং ২২ জন অন্যান্য ক্যাডারের কর্মকর্তা বলে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সূত্র জানায়। তবে নম্বর না থাকা, বিভাগীয় মামলাসহ অন্যান্য অভিযোগ থাকার কারণে বাদ পড়েছেন প্রায় ১০০ কর্মকর্তা। অবশ্য বাদ পড়ার ব্যাপারে রাজনৈতিক বিবেচনাও ক্ষেত্রবিশেষ গুরুত্ব পেয়েছে বলে সূত্র জানায়। আবার কিছু কর্মকর্তা সরকারবিরোধী রাজনৈতিক পক্ষের বলে চিহ্নিত হলেও তাঁদের পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা যায়।গতকাল বৃহস্পতিবার এসএসবির দ্বিতীয় দফা বৈঠকে পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়। বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করেন।প্রসঙ্গত, গত রোববার এসএসবির সভায় ৮৪ জনের পদোন্নতির জন্য সুপারিশ চূড়ান্ত করে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু তখন অভিযোগ ওঠে, বিএনপি-জামায়াত জোট সরকারের অনুগত প্রায় ৪৫ জন কর্মকর্তার পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে। এর আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও পর্যালোচনার জন্য সুপারিশ ফেরত পাঠানো হয়।গতকালের বৈঠকে সংখ্যা বাড়িয়ে কমবেশি ১৪৮ জনের পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। আগের প্রশ্নবিদ্ধ ৪৫ কর্মকর্তার সংখ্যা কিছুটা কমিয়ে ৩০-এ নামানো হয়েছে বলে জানা গেছে।সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে কাউকে বঞ্চিত করা বা পদোন্নতি দেওয়ার সুযোগ নেই।’ ঈদের পর উপসচিব পদে পদোন্নতির জন্য এসএসবির সভা হবে বলে জানান তিনি।