যুগ্ম সচিব মর্যাদার কর্মকর্তাকে হাজির হতে হচ্ছে হাইকোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তর এবং স্থানান্তরের সময় বাড়ানোর বিষয়ে জানাতে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন, এমন একজন কর্মকর্তাকে কাল বৃহস্পতিবার আদালতে উপস্থিত হতে বলেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের দুই দিন সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে সরিয়ে নিতে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে—এমন খবর যুক্ত করে গত রোববার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একটি আবেদন করে। এতে সাভারে স্থানান্তর না হওয়া পর্যন্ত হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নির্দেশনা চাওয়া হয়। আবেদনটি গতকাল শুনানির জন্য আসে। রাষ্ট্রপক্ষ দুই দিন সময়ের আরজি জানালে আদালত তা মঞ্জুর করে বৃহস্পতিবার শুনানির জন্য দিন রেখেছেন।
আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ৩১ ডিসেম্বর সময়সীমা শেষে ট্যানারি কারখানা হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নিতে আরও তিন মাস সময় বাড়ানো হয় বলে পত্রিকায় খবর এসেছে। উচ্চ আদালতের রায়ের পর কোনো ধরনের আবেদন ছাড়া এভাবে সময় বাড়ানো বেআইনি। তাই ওই আবেদনটি করা হয়। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ দুই দিন সময় প্রার্থনা করে। আদালত তা মঞ্জুর করে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন, এমন একজন কর্মকর্তাকে বৃহস্পতিবার হাজির হতে বলেছেন। কেন সাভারে ট্যানারি কারখানা স্থানান্তর হয়নি এবং স্থানান্তরের জন্য একতরফাভাবে কেন তিন মাস সময় বাড়ানো হয়েছে—এসব বিষয় জানাতে ওই কর্মকর্তাকে আসতে বলা হয়েছে।
হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারিকে সাভারের পরিকল্পিত চামড়াশিল্প নগরে সরিয়ে নিতে ২০০৩ সালে একটি প্রকল্প নেয় সরকার। তবে নানা কারণে ১৩ বছর পেরিয়ে গেলেও ট্যানারি সাভারে নেওয়া শেষ করা যায়নি। সেখানে মাত্র ৩৬টি ট্যানারি উৎপাদন শুরু করতে পেরেছে। গত ৩১ ডিসেম্বরের মধ্যে সাভারে যাওয়ার সময় বেঁধে দিয়েছিলেন শিল্পমন্ত্রী।