যুগ্ম সচিব মোমেনকে বাধ্যতামূলক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় গণকর্মচারী (অবসর গ্রহণ) আইন অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হয় বলে আদেশে উল্লেখ করা হয়। এ নিয়ে গত নয় দিনে তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। গত ২৯ মে নাসিমুল গণি নামের একজন অতিরিক্ত সচিব এবং ২ জুন মো. শফিউল্লাহ নামের একজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রথমজন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের একান্ত সচিব এবং দ্বিতীয়জন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একান্ত সচিব ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা ওএসডি ছিলেন।