যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে আট মাসেরও বেশি সময় ধরে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বে রয়ে যাওয়া ১৮ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ওই জেলাগুলোসহ ২০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে। সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনে এটাই বড় বদবদল। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সচিব কমিটির সভা হয়। এতে সচিবেরা জনপ্রশাসনে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের দ্রুত পদায়নের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে জনপ্রশাসনে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৬৪৯ জন কর্মকর্তার পদোন্নতি হয়। কিন্তু পর্যাপ্ত পদ না থাকায় এর বেশির ভাগ কর্মকর্তাকেই নিচের পদে থেকে কাজ করতে হচ্ছে। এ নিয়ে অনেক কর্মকর্তার মধ্যে অসন্তোষ রয়েছে। নতুন ২০ ডিসি: ঢাকায় ডিসি করা হয়েছে গোপালগঞ্জের ডিসি শেখ ইউসুফ হারুনকে, চট্টগ্রামে কক্সবাজারের ডিসি মোহাম্মদ জয়নুল বারী, শরীয়তপুরে গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক রামচন্দ্র দাস, মাগুরায় সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মাসুদ আহমেদ, জামালপুরে পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হায়দার, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ইমরুল চৌধুরী জয়পুরহাট, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ করিম খাগড়াছড়ির জেলা প্রশাসক হয়েছেন।এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমানকে গোপালগঞ্জ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মুকেশ চন্দ্র বিশ্বাসকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াহাব ভূঁইয়াকে বরগুনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আনিসুর রহমান মিয়াকে টাঙ্গাইল, চট্টগ্রামের এডিসি মো. ইসমাইল হোসেনকে চাঁদপুর, সিলেটের এডিসি মো. শহীদুল আলমকে বরিশাল, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আহমেদ শামীম আল-রাজিকে দিনাজপুর, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল হাসানকে গাইবান্ধা, জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুর রহমানকে লালমনিরহাট, ঢাকার এডিসি মো. মাসুদ করিমকে মানিকগঞ্জ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ বেলাল হোসেনকে কুষ্টিয়া এবং নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রুহুল আমিনকে কক্সবাজারের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।