যুগ্ম সচিবের গাড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা কমপ্লেক্স চত্বরে গতকাল বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল মোহাম্মদের গাড়ির নিচে চাপা পড়ে আবুল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর বাড়ি কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামে। এ সময় যুগ্ম সচিব গাড়িতে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আবুল হোসেন কয়েক দিন আগে নিকলী সদর ইউনিয়নের নয়াহাটি গ্রামে তাঁর মেয়ের বাড়ি বেড়াতে আসেন। গতকাল ঘুরতে ঘুরতে তিনি ওই বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উপজেলা কমপ্লেক্সে গিয়েছিলেন। ক্লান্ত হয়ে সেখানে ঘাসের ওপর শুয়ে ছিলেন। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। বেলা আড়াইটার সময় যুগ্ম সচিবের গাড়িচালক গাড়িটি পেছনের দিকে নিতে চাইলে পেছনের দুটি চাকা ঘুমন্ত আবুল হোসেনের ওপর উঠে যায়। তাঁর বাঁ পা ভেঙে যায় এবং হাত দুটি থেঁতলে যায়। লোকজন তাঁকে চাকার নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন, যুগ্ম সচিব দিল মোহাম্মদ তাঁর সঙ্গে দেখা করতে নিকলী আসেন। ‘স্যার (যুগ্ম সচিব) আমার কার্যালয়ে ছিলেন। এ সময় নিচে দুর্ঘটনা ঘটে। হঠাৎ এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় স্যার বিব্রত বোধ করছেন। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবুল হোসেনের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।’
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা (ওসি) বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি পুলিশের কাছে। এ ছাড়া পুলিশ দুর্ঘটনার বিষয়টি আগে জানতে পারেনি। পুলিশ জানার আগে গাড়ি নিয়ে চালক ও কর্মকর্তা চলে গেছেন।