যুদি একটা কার্ড কইরা দিতাইন...
‘স্বামী মরার সময় কিচ্ছুই রাইখ্যা যায় নাই। এহন সারা দিন ভিক্ষা করি। মিললে খাই, না মিললে উবাস (উপোস) থাহি। যুদি একটা কার্ড কইরা দিতাইন, খুব ভালা অইত।’ কাঁপা কাঁপা স্বরে ও অনেক কষ্টে কথাগুলো বলছিলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুরা গ্রামের অসহায় শারবানু (৮০)।শারবানু জানান, তাঁর স্বামী মামুদ আলী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। সহায়-সম্পত্তি কিছুই রেখে যাননি তিনি। তাঁদের কোনো সন্তানও নেই। দুমুঠো খাওয়ার জন্য তিনি একসময় ভিক্ষা করেন। এখন বয়স হয়েছে অনেক। শরীরে সামর্থ্য নেই। আগের মতো বাড়ি বাড়ি যেতে পারেন না।অসহায় এই বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। সারা দিন ভিক্ষা করার পর প্রতিবেশী আবুল মুন্সির বাড়িতে কোনো রকমে রাতটা কাটান তিনি। বয়স্ক ভাতার একটি কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিলেও শারবানুর ভাগ্যে তা জোটেনি।