যুদ্ধ ও রক্তপাত ছাড়া জয়ই সবচেয়ে বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল যুদ্ধ ও জঙ্গিবাদ প্রতিরোধে গান্ধীর অহিংসবাদ বিষয়ে শান্তি সমাবেশে আলোচকেরা l ছবি: প্রথম আলো
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল যুদ্ধ ও জঙ্গিবাদ প্রতিরোধে গান্ধীর অহিংসবাদ বিষয়ে শান্তি সমাবেশে আলোচকেরা l ছবি: প্রথম আলো

যুদ্ধ ও রক্তপাত ছাড়া যে জয়, সে জয়ই সবচেয়ে বড় জয়। বিরোধ নিষ্পত্তির জন্য মহাত্মা গান্ধীর অহিংসার পথই শ্রেষ্ঠ পথ বলে মন্তব্য করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন লেখক সৈয়দ আবুল মকসুদ। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মহাত্মা গান্ধী স্মারক সদন আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে যুদ্ধ ও জঙ্গিবাদ প্রতিরোধে গান্ধীর অহিংসবাদ বিষয়ে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, দেশে দেশে, জাতিতে জাতিতে, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে বেড়েছে হানাহানি। রক্ত ঝরছে প্রতিদিন। মীমাংসা করা যায় এমন তুচ্ছ কারণ নিয়েও সংঘাত বাধছে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায়ও যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। কিন্তু যেকোনো বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথই শ্রেষ্ঠ পথ। যুদ্ধে কোনো দিন কোনো পক্ষই জয়ী হয় না। যুদ্ধ ও সংঘাতমুক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত পৃথিবী-সমাজ গড়তে শোষণ-বঞ্চনার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।
সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, গান্ধীর রাজনীতি অহিংস ছিল। কিন্তু এ দেশের বেশির ভাগ রাজনীতিকই সহিংসতা ও পরমত-অসহিষ্ণুতায় বিশ্বাসী। তাই মানুষ এই রাজনীতিকদের ভোট দিলেও পছন্দ করেন না। শান্তি সমাবেশে অংশ নেন বাসদের নেতা খালেকুজ্জামান, রাজেকুজ্জামান, মহাত্মা গান্ধী স্মারক সদনের সমন্বয়ক হুমায়ুন কবীর, বাপার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির প্রমুখ। সমাবেশ শেষে ‘শান্তির গান’ হিসেবে লালনসংগীত পরিবেশন করা হয়।
এদিকে অহিংস দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে গতকাল সকালে এক মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক। মানববন্ধনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ঐক্যবদ্ধভাবে দেশকে জঙ্গিবাদমুক্ত ও সহিংসতামুক্ত করার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, এসো মিলে করির নির্বাহী পারচালক মিলি জাকারিয়া প্রমুখ। মানববন্ধন শেষে একটি পদযাত্রা বের করা হয়।