যুদ্ধ করে নদীভাঙন আটকানো যায় না

কোথাও কোথাও নদ-নদীতে পানি কমছে, আবার কোথাও বাড়ছে। শুরু হয়েছে নদীভাঙন। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই নদীতে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি। ভাঙনের পূর্বাভাস এ দুর্যোগ কমাতে সহায়ক কি না, বাঁধ ব্যবস্থাপনায় কোন প্রসঙ্গ বিবেচনায় রাখতে হবে, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অধ্যাপক ড. মো. মুনসুর রহমান।
তিনি পরিবেশসম্মত নদী ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করছেন দীর্ঘদিন থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মো. মুনসুর রহমান বুয়েট থেকে স্নাতক শেষে জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও বন্যা ব্যবস্থাপনায় পিএইচডি করেছেন। পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে গবেষণা করেছেন পরিবেশসম্মত নদী ব্যবস্থাপনা নিয়ে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাদিয়া মাহ্জাবীন ইমাম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মো. মুনসুর রহমান।
প্রথম আলো

প্রশ্ন :

ঝড়, বন্যার মতো নদীভাঙনের পূর্বাভাসকে আরও কার্যকর করার উপায় কী?

এম রহমান: নদীভাঙনের ক্ষতি কিন্তু বন্যার চেয়ে বেশি। এটা স্থায়ী ক্ষতি। সমস্যা হচ্ছে, বন্যার পূর্বাভাসের মতো ভাঙনের আভাস পাওয়া এখনো সহজ হয়নি। কোথাও পানি নামার সময়, কোথাও পানি বৃদ্ধির সময় হয় ভাঙন। নদীর গতিপথ, চর ও বাঁকের ওপরও নির্ভর করে। তাই কখনো কখনো অনুমানের সঙ্গে ঘটনার অসামঞ্জস্য ঘটে যায়। এ জন্য পূর্বাভাস আরও নিখুঁত হওয়া দরকার।
বড় নদীগুলোর পাশাপাশি ছোট ছোট নদী নিয়েও পূর্বাভাস তৈরি করতে হবে, যতটা সম্ভব আগে থেকেই। বর্তমানের তথ্য-উপাত্তের সঙ্গে পূর্বের অভিজ্ঞতাকেও বিশ্লেষণ করতে হবে। নদীর ধরন বুঝতে হবে। পূর্বাভাসের ভাষাও হতে হবে সহজবোধ্য।
কার্যকরের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো দরকার।

প্রশ্ন :

পূর্বাভাস ভাঙনপ্রবণ এলাকার মানুষের কাছেই সঠিক সময়ে পৌঁছায় না। এটা তো প্রয়োজন।

এম রহমান: পূর্বাভাস যত আগে থেকে বেশি প্রচার করা যায়, তত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বাড়ে। দেখুন, একসময় আমাদের দেশে ঝড় হলে কত মানুষ প্রাণ হারাত? ১৯৯১ সালের ঝড়ে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এখন কিন্তু সে সংখ্যা খুব কমে এসেছে।

নদীভাঙনে সাধারণত প্রাণহানির ঘটনা কমই ঘটে, তবে সম্পদ নষ্ট হয়। আগে থেকে জানানো গেলে মানুষ সতর্ক হবে এবং ভাঙনপ্রবণ এলাকায় বিনিয়োগ করবে না। ঘরবাড়ি সরিয়ে নেওয়ার ব্যাপার আছে। ফসল তুলে ফেলা বা নতুন করে না লাগানোর বিষয় আছে। তবে ওই যে বললাম, আমাদের দেশে ভাঙনের পূর্বাভাস এখনো দুর্বল। শক্তিশালী করতে সময়ও দরকার।

প্রশ্ন :

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে স্থানীয় মানুষের অভিজ্ঞতা মূল্যবান। এটাকে কীভাবে কাজে লাগানো যায়?

এম রহমান: এটাকে বলে ইনডিজিনাস নলেজ। সমাজবিজ্ঞানেরই অংশ। প্রজন্মের পর প্রজন্ম তারা থাকে নদীর পাড়ে। অনেক সময় এমন হয়েছে যে আমরা বলার আগে তারা বরং বলে, নদী এবার এভাবে ভাঙবে, ওই পথ দিয়ে যাবে। এমনকি নদীশাসনের জন্য বাঁধ বা সেতু নির্মাণের সময়ও কিন্তু স্থানীয় মানুষ নিজস্ব মতামত দিয়ে থাকে। তাদের এই জানাকে কাজে লাগাতে হলে বহু প্রশ্ন লিখে নিয়ে সার্ভে করার মতো গেলে কাজে আসবে না। এটা বলেন, ওটা বলেন বললে কিন্তু সে নিজের মতো সহজ ভাষায় আর প্রকাশই করতে পারবে না। এভাবে তাদের কাছ থেকে অভিজ্ঞতা বা ধারণার কথা বের করা সম্ভব নয়।
শুনতে হবে তাদের ভাষায়, সাদামাটা বক্তব্যে। নিজেদের মতো করে তারা বলে যাবে, সেখান থেকে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। আমরা যাঁরা নদী নিয়ে কাজ করি, তাঁদের একধরনের অভিজ্ঞতা আছে। ৫০ থেকে ৬০ বছর ধরে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, তাদের বোঝাপড়া আছে। আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে স্থানীয় মানুষের অভিজ্ঞতার সমন্বয় ঘটানো গেলে সম্ভব হবে কার্যকর করা। এ জন্য মানুষের জানার যে ধরন, সেই স্তরে বলতে পারতে হবে।
নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে যখন বলা হয়, এত সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারে এটা কতখানি বিপদের সংকেত দিচ্ছে? এটা তার কাজে আসে না। সাধারণ মানুষের বোধগম্য হতে হলে ভাঙনের পূর্বাভাসের ভাষাকেও সহজ করতে হবে।

প্রশ্ন :

ঝুঁকিপূর্ণ সব জায়গায় স্থায়ী বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিলে প্রকৃতির জন্য ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে?

এম রহমান: নদীকে বাঁধতে গেলে আসলে নদীকে বুঝতে হবে। আমরা যা চাই, তা খুব ভালোভাবে বুঝি কিন্তু নদী যা চায়, তা কখনো বুঝেছি? শীতকালে বা বর্ষাকালে নদীরও ভিন্ন ভিন্ন পরিবর্তন হয়। প্রতিবার বন্যার পর দেখবেন, ফসল ভালো হয়, মাছ বেশি পাওয়া যায়। বন্যা পলি নিয়ে আসে।
সব জায়গা তো স্থায়ী বাঁধ দিয়ে আটকানো সম্ভব নয়। নদীর নিজের একটা দারুণ কম্পোজিশন আছে। তার পানি, পলি, পাহাড় থেকে বয়ে আনা নিউট্রিয়েন্ট আরও অনেক কিছু মিলে এই কম্পোজিশন। ফলে নদীতে স্থায়ী বাঁধ দিতে হলে বুঝতে হবে নদীর অতীতের ও ভবিষ্যতের গতিপথের ধারা। নদী কোন খাতে প্রবাহিত হতে চায় এবং হতে পারে, সেটা বুঝতে হবে।
একসময় উপকূলীয় অঞ্চলে অষ্টমাসী ও ষষ্ঠমাসী বাঁধ দেওয়া হতো। তাতে নির্দিষ্ট সময় পর বাঁধ ভেঙে দিলে আবার জমিতে পলি প্রবেশ করত। স্থায়ী বাঁধ দেওয়ার পর কী হলো? প্রথমে কয়েক বছর ভালো ফসল হলো, কেননা নোনাপানি আটকানো গেল। কিন্তু এরপর থেকে আবার জমির উর্বরতা কমতে শুরু করল। আবার আমরা ঝুঁকিমুক্ত বলতে যা বুঝি, তা-ও কিন্তু সম্পূর্ণ না। সব জায়গা স্থায়ী বাঁধ দিয়ে আটকে দিয়ে ঝুঁকি কমানো যাবে, এটা মনে করি না সম্ভব হবে। বরং তাতে আরেক রকম নতুন ঝুঁকি তৈরি হবে। গতি রোধ করে নদীর ভাঙন আটকানো যায় না।

প্রশ্ন :

কিন্তু উপকূলীয় অঞ্চলে এখন যে উচ্চতায় জোয়ার-জলোচ্ছ্বাস হয়, তাতে সেই আগের মতো অষ্টমাসী বা ষষ্ঠমাসী বাঁধ দিয়ে বিপর্যয় আটকানো যাবে?

এম রহমান: এখন আর সেটা সম্ভব নয়। অনেকগুলো ব্যাপারে এর মধ্যে পরিবর্তন হয়েছে। বাঁধে এখন মানুষের বসতি হয়েছে। কোস্টাল ভূমিতে এখন মানুষের জীবন কিন্তু বাঁধের সঙ্গে পুরোপুরি জড়িয়ে গেছে। দক্ষিণাঞ্চলের পুরো উন্নয়ন কর্মকাণ্ড বাঁধ কেন্দ্র করে। মানুষের লাইফলাইনের অংশ বাঁধ। কাছাকাছি অবস্থায় নিয়ে যাওয়া যায় কীভাবে, সেটা ভাবতে হবে। সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং নদীর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের মতামত মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য একেক জায়গার জন্য একেক রকম সমাধান আসবে। সিলেটে যেমন করে সম্ভব, বরিশালে হয়তো অন্য উপায়ে সম্ভব। আমাদের মাথায় রাখতে হবে, ন্যাচারাল প্রসেসটাকে যতটা সম্ভব বাধাগ্রস্ত না করে বাঁধের কথা ভাবা। নেচারকে আপনি যত বেশি বিরক্ত করবেন, সে তত বেশি প্রতিক্রিয়া দেখাবে।
একজন মানুষের আয়ু খুব বেশি হলে ১০০ বছর কিন্তু নদীর বয়স কখনো হাজার হাজার বছর। নদীকে নদীর মতো ভেবে তার গতি-প্রকৃতি বুঝে তাকে শাসনের কথা ভাবতে হবে।

প্রশ্ন :

নদীশাসনের সময় কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়?

এম রহমান: নদী ব্যবস্থাপনার সময় ডেল্টা প্ল্যান থেকে শুরু করে অন্যান্য যে মেগা পরিকল্পনা থাকে, সবকিছুতেই প্রথম গুরুত্ব মানুষের নিরাপদ থাকা। ভাঙন, বন্যা, দুর্যোগ থেকে রক্ষাই প্রথম দায়িত্ব। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার কথাও গুরুত্বের সঙ্গে ভাবতে হয়। বাংলাদেশ পলল ভূমির। পানি আসবে, বন্যা হবে, ঝড় আসবে, নদীভাঙন হবে—এটাকে থামানো যাবে না পুরোপুরি কিন্তু চেষ্টা হচ্ছে এসব ক্ষেত্রে যতখানি সম্ভব ক্ষতি কমিয়ে আনা।

প্রশ্ন :

দায়িত্বরত সংস্থা, মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব আছে। পূর্বাভাস পাওয়া ও সে অনুযায়ী কাজ করা নিয়ে তেমনই দেখা যাচ্ছে।

এম রহমান: স্থানীয় মানুষ যদি তাদের অভিজ্ঞতার আলোকে জানেও কখন কোথায় কতটা ভাঙতে পারে, সেখানে সতর্কতা নেওয়া সম্ভব নয়, ওই অঞ্চলের দায়িত্বরত কর্তৃপক্ষ যদি এই জ্ঞান ধারণ না করে।
আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা তথ্য-উপাত্ত সংরক্ষণে। যেকোনো পরিকল্পনা ও কাজের তথ্য থাকতে হবে। যে কাজটি ব্যর্থ হলো আর যেটা সফল—দুটিরই তথ্য দরকার। আপনি খবর নিয়ে দেখবেন, তথ্য পাবেন না। সব কাজের তথ্য-উপাত্ত সংরক্ষণ করা হলে সেখান থেকেই ধারণা করা যাবে পরবর্তী পদক্ষেপের জন্য।
একটি দেশ তাই দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোর নিজেদের পৃথক পৃথক অস্তিত্ব নিয়ে ভাবলে চলবে না। সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করাকে গুরুত্ব দিতে হবে। মানুষের দুর্ভোগ কমানোই যদি সবার আসল উদ্দেশ্য হয়, তাহলে অসমন্বয়ও আপনা থেকেই বাতিল হয়ে যায়।