‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুদ্ধ করে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রার্থিতা বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছিল। আরপিওর এই ধারাটি (৯১-ই) তাই নির্বাচন কমিশনের বড় অর্জন। যুদ্ধ করে আদায় করা এই অর্জন বিসর্জন দেবেন না।’সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) প্রতি এই আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি ৯১-ই ধারাটি আরপিওতে অন্তর্ভুক্ত করার ইতিবৃত্ত তুলে ধরেন। সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে ‘নির্বাচনী আইনের সংস্কার: আমরা কোথায়’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় সাবেক সিইসি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে পাঁচবার তফসিল পরিবর্তন করতে হয়েছিল, যা নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল। কারণ, খালেদা জিয়া নির্বাচনে আসতে চাচ্ছিলেন না। নির্বাচনে আসার জন্য তাঁর কয়েকটি শর্ত ছিল। অন্যতম শর্ত ছিল আরপিওতে ৯১-ই ধারা অন্তর্ভুক্ত করা যাবে না। শামসুল হুদা বলেন, ‘আমরা তাঁর (খালেদা জিয়া) বেশ কয়েকটি শর্ত মেনে নিয়েছিলাম। কিন্তু ৯১-ই-এর ব্যাপারে আমরা অনড় ছিলাম। কারণ, এই ধারার কারণে কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা পায়।’ তিনি বলেন, এখন এটিকে বাদ দেওয়া হলে প্রকারান্তরে কমিশনকে দুর্বল করা হবে।প্রসঙ্গত, আরপিওর ৯১-ই ধারা বাতিলের জন্য নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছে, বিএনপি এখন তার শক্ত বিরোধিতা করছে। আরপিও সংশোধন করা হলে তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনে যাবে বলেও হুমকি দিয়েছে।আলোচনায় এ টি এম শামসুল হুদা বলেন, ‘আমরা ইসিকে যে অবস্থানে রেখে এসেছি, সেখান থেকে এগিয়ে নিতে হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি উল্টো। আমরা আরপিও সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজের সঙ্গে পরামর্শ করেছি। বর্তমান কমিশন সেই ধারাবাহিকতা রক্ষা করেনি।’আলোচকেরা আরপিওতে প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল রাখার পক্ষে মত দেন। তাঁরা বলেন, ইসির প্রার্থিতা বাতিলের ক্ষমতা না থাকলে প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা বাড়বে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না। নির্বাচনও সুষ্ঠু হবে না।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি আরপিও সংশোধন প্রস্তাবের ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, ইসির প্রার্থিতা বাতিলে ক্ষমতা থাকায় ২০০৮ থেকে পরের নির্বাচনগুলোতে সহিংসতা বলতে গেলে অনুপস্থিত ছিল। গত সংসদ নির্বাচনে একজনেরও প্রাণহানি ঘটেনি। ইসি এখন এই বিধানটি কেন বাদ দিতে চাইছে, তা বোধগম্য নয়। এর মাধ্যমে ইসি অহেতুক বিতর্কের সৃষ্টি করছে, যা আগামী নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারে।বদিউল আলম মজুমদার বলেন, ইসির প্রস্তাবে নির্বাচনে ব্যয়সীমা বাড়ানো হয়েছে। এতে কালোটাকার দৌরাত্ম্য বাড়বে। স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সংকুচিত করা হয়েছে।তবে বদিউল আলমের এই মতের ব্যাপারে আপত্তি করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আইনে বিদ্রোহী প্রার্থী বলে কোনো শব্দ নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে আইন আগে যা ছিল, এখনো তাই আছে। যাঁরা দল থেকে প্রার্থী হবেন, তাঁদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নেই। আর দলের বাইরে যিনি প্রার্থী হবেন, তাকে অবশ্যই ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হবে। বর্তমান ইসির প্রস্তাবে কোথাও ভুল থাকলে সেটা নিয়ে কথা বলা যেতে পারে।এম সাখাওয়াতের এ বক্তব্যেকে সমর্থন করেন এ টি এম শামসুল হুদা।সাখাওয়াত হোসেন আরও বলেন, ইসির প্রস্তাবে ব্যালট পেপার ছিনতাইয়ের শাস্তি হিসেবে সর্বোচ্চ পাঁচ বছর সাজা এবং অর্থদণ্ডের কথা বলা আছে। এর অর্থ, অপরাধী জরিমানা দিয়ে পার পেয়ে যাবেন। তিনি বলেন, জাতীয় সংসদের ৩০০ আসনে ৬০ হাজার কেন্দ্রে সশস্ত্র বাহিনী ছাড়া শুধু পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনা করা দুরূহ হবে।এম হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠনের বিষয়টি ছিল আইওয়াশ (লোক দেখানো)। প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, বর্তমান ইসি আরপিও সংশোধনের ব্যাপারে কারও সঙ্গে পরামর্শ করেনি। কিন্তু নিজেদের ইচ্ছেমতো যা খুশি তা করার অধিকার তাদের নেই। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দলে ন্যূনতম তিন বছরের সদস্যপদ না থাকলে প্রার্থী হওয়া যাবে না। এই আইন বৈষম্যমূলক। এখন একজন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হলে তিনি কোথায় যাবেন। বহিষ্কারের ভয়ে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে কেউ কথাও বলেন না।সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, ‘এত দিন শুনেছি, ইসিকে শক্তিশালী করা দরকার। এখন কেন দুর্বল করা হচ্ছে, তা গবেষণার বিষয়।’গোলটেবিলে আরও আলোচনা করেন সাবেক সাংসদ আবু সাইয়ীদ, মাহমুদুর রহমান মান্না, রুহিন হোসেন প্রমুখ।