যুদ্ধ নিয়ে অন্তর্গত বেদনার ছবি
হয়তো বিষয়টি এমন যে পৃথিবীর কোনো ভূখণ্ডনেই যা মানুষের রক্তে রঞ্জিত হয়নি। মানুষের সভ্য হয়ে ওঠার ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে আছে যুদ্ধের ইতিহাসও। ব্যক্তিতে ব্যক্তিতে সংঘাত থেকে শুরু করে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, দেশে দেশে সংঘর্ষ, এমনকি দেশের ভেতরও নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বহুজনের উষ্ণরক্তস্রোতে সিক্ত হয়েছে ধরণিতল। বহু ধ্বংসের তাণ্ডবের মধ্য দিয়ে এগিয়েছে মানবমুক্তির জয়যাত্রা। যুদ্ধের সেই ধারা এখনো বিদ্যমান।শিল্পী আহমেদ নাজিরকে তাড়িত করেছে এই যুদ্ধ। তিনি যুদ্ধের কারণ অনুসন্ধানে ভেবেছেন, এবং এর চেয়েও বেশি অনুপ্রাণিত হয়েছেন যুদ্ধের শিকার হচ্ছেন যে মানুষ, তাঁদের অন্তর্গত অনুভব-অনুভূতিকে উপলব্ধির মধ্যে এনে এর প্রকাশ ঘটাতে। এ নিয়েই তাঁর এবারের প্রদর্শনী ‘দি ওয়ার ফাইল’। গতকাল শুক্রবার থেকে শুরু হলো ধানমন্ডির গ্যালারি চিত্রকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। ডিজিটাল প্রিন্টের ২৮টি শিল্পকর্ম রয়েছে এতে। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ দুর্জয় রহমান। শিল্পীর মা, যিনি শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের স্ত্রী আঞ্জুমান আরা আহমেদ, বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান ও আবুল বারক আলভীকে নিয়ে প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন। চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।প্রধান অতিথি বলেন, ‘যুদ্ধের কবল থেকে পৃথিবী এখনো মুক্ত নয়। আফগানিস্তানে যুদ্ধ চলছে, ইরাকেও এক ধরনের যুদ্ধ চলছে। আগামী দশকে যে এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকার কোনো দেশে যুদ্ধের ঘটনা ঘটবে না, এর নিশ্চয়তা নেই। একাত্তরের রক্তাক্ত যুদ্ধের স্মৃতি এখনো আমাদের বুকে জাগরূক। এখনো প্রতিদিন শহরে-শহরে গ্রামে-গঞ্জে দাঙ্গা, হানাহনি, প্রাণহানির ঘটনা ঘটছে। বহু জনপদ বিধ্বস্ত-বিপর্যস্ত হচ্ছে। শিল্পী যুদ্ধপীড়িত মানুষের রক্তাক্ত হূদয়বেদনাকে তাঁর শিল্পকর্মে ধারণ করেছেন। এর মাধ্যমে তিনি একই সঙ্গে পরিবর্তনের কথাও বলেছেন। বলেছেন এই নৃশংসতা থেকে উত্তরণের কথাও।’ তিনি বলেন, ‘আমরাও মনে করি পরিবর্তনটা জরুরি। নিজেদের ভুলকে স্বীকার করতে হবে। তা শুধরে নিতে হবে। আগে বদলাতে হবে নিজেকে। ছোট ছোট বদলের মধ্য দিয়েই একদিন আমরা আমাদের দেশকে বদলে দিতে পারব।’বিশেষ অতিথি বলেন, ‘ডিজিটাল প্রিন্ট শিল্পকলার একটি নতুন মাধ্যম হিসেবে পশ্চিমা দেশে ইতিমধ্যে স্বীকৃত। আমাদের দেশে এখনো এর ব্যাপক চর্চা শুরু হয়নি। আহমেদ নাজিরের এ উদ্যোগ যুগোপযোগী; এ মাধ্যম আমাদের শিল্পকলাকে আরও সমৃদ্ধ করবে।’নাট্যশালায় ‘বাল্মীকি প্রতিভা’শিল্পকলা একাডেমীর নাট্যশালা যেন এক স্বপ্নের ভুবন। মঞ্চে বিচিত্র সাজসজ্জা। শিল্পীদের পরনে পৌরাণিক যুগের বসন-ভূষণ। সংলাপ, নাচ আর গানে দর্শক হারিয়ে গেলেন রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভায়।রবীন্দ্রনাথ ঠাকুর ২০ বছর বয়সে রচনা করেন প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। এতে দুর্ধর্ষ দস্যু রত্নাকরকে মহর্ষি বাল্মীকিতে রূপান্তরের কাহিনি তুলে ধরেছেন কবিগুরু। দস্যু রত্নকার মহাদেবী কালীর সন্তুষ্টি লাভের জন্য একজন বালিকাকে দেবীচরণে উত্সর্গের জন্য তাঁর অনুসারীদের নির্দেশ দেন। ঘটনাপরম্পরায় সেই বালিকার হূদয়ছোঁয়া আকুতি রত্নাকরের মানসিকতায় পরিবর্তন আনে। বালিকাকে বলির মঞ্চ থেকে মুক্তি দেওয়ার কাব্যিক বর্ণনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা। প্রথমবারের মতো এ নৃত্যনাট্যের কোরিওগ্রাফ ও নির্দেশনা দিয়েছেন সুকল্যাণ ভট্টাচার্য্য। আয়োজনের পরিকল্পনা ও সংগীত পরিচালনা করেছেন চঞ্চল খান। সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে এর আয়োজন করছে সুরলোক ও নৃত্যাঞ্চল। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।বাল্মীকি প্রতিভায় বাল্মীকির চরিত্রে অভিনয় করছেন শিবলী মহম্মদ। সরস্বতীর চরিত্রে অভিনয় করেছেন শামীম আরা। অন্যান্য চরিত্রে আরও ছিলেন আফরিন সুলতানা, জামাল আহমেদ, আয়েশা সিদ্দিকা, ফারজানা ইয়াসমিন, আনিকা হোসেন প্রমুখ।এ তোমার, এ আমার আনন্দআয়োজনের নাম ‘এ তোমার, এ আমার আনন্দ’। এবার নাট্যকলা বিষয়ে একুশে পদক পেয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। মুক্তিযোদ্ধা এই বরেণ্য নাট্যব্যক্তিত্বের একুশে পদক প্রাপ্তিতে গ্রাম থিয়েটার গতকাল শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজন করছিল এই আনন্দ উত্সব।শুক্রবার বিকেল পাঁচটায় কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয়ে যায় ব্যতিক্রমী এ অনুষ্ঠান। শুরুতে বিচিত্র আয়োজন। প্রাঙ্গণের এক প্রান্তে কুমিল্লা থেকে আসা একদল শিল্পীর গদ্গানৃত্য, অন্য প্রান্তে হবিগঞ্জের দেউন্দি চা-বাগানের শিল্পীদের লাঠিনাচ ও ঝুমুরনৃত্য, আরেক জায়গায় নবাগঞ্জের শিল্পীদের কাছনৃত্য। রকমারি নৃত্যে প্রাঙ্গণ স্পন্দিত।সন্ধ্যার পর প্রাঙ্গণে নির্মিত খোলা মঞ্চে হয় সংবর্ধনা পর্ব। আনন্দ-সম্ভাষণ পাঠ করেন গ্রাম থিয়েটারের নির্বাহী সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়। অভিভাষণে নাসির উদ্দীন ইউসুফ শিল্পীসঙ্গী সেলিম আল দীনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় পুরস্কার আর হয় না।’ একুশে সম্মাননার টাকা একাত্তরের বীরাঙ্গনাদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেন তিনি।দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি করেন কলকাতার শিল্পী-দম্পতি গৌরী ঘোষ ও পার্থ ঘোষ। রাতব্যাপী অনুষ্ঠানে আরও ছিল ধ্রুপদি যন্ত্রসংগীত, নাচ, নাটক, গম্ভীরা, বাউলগান, জারিগান, লালনসংগীত, বাঁশিসহ নানা পরিবেশনা।মানবাধিকার নাট্যোত্সব‘আঁধারের বুক চিরে সত্যেরে করি উন্মোচন’ স্লোগান নিয়ে তিন দিনের জাতীয় মানবাধিকার নাট্যোত্সব শুরু হয়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে। শুক্রবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) আয়োজিত উত্সবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও মান্নান হীরা, সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি আবদুল মতিন খান।আয়োজকেরা জানান, উত্সবে নাটকের মাধ্যমে মাদক, নারী নির্যাতন, সন্ত্রাসের মতো বিষয়গুলো তুলে ধরা হবে। এগুলো মূলত পথনাটক। মানাপের বিভিন্ন জেলা শাখা এসব নাটক তাদের নিজ নিজ এলাকায় পরিবেশন করে থাকে। ড্রামবাদনের সঙ্গে দর্শকেরা রঙিন কাগজের বিমান উড়িয়ে উত্সবের উদ্বোধনে অংশ নেন। প্রথম দিন নাটক পরিবেশন করে মানাপ জয়পুরহাট, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ শাখা। আইন ও সালিশ কেন্দ্রের কর্মজীবী শিশু নাট্যদল, খুলনার রূপান্তর নাট্যদল ও ঢাকার প্রাচ্যনাট।ফরিদপুরে রবীন্দ্র মেলা শুরুফরিদপুর অফিস জানিয়েছে, ‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি: আমার সত্তা, আমার স্বচ্ছতা’—এ আহ্বান নিয়ে শুক্রবার ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনের রবীন্দ্র মেলা। উদ্বোধন করেন তিন বোন সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন ও চিত্রশিল্পী মহমুদা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা জয়নাল আবেদীন।সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের এ মেলায় রবীন্দ্রনাথের জীবন ও কাজের নানা দিক তুলে ধরা হচ্ছে। থাকছে বিশেষ প্রদর্শনীও।