যুদ্ধ যখন চরমে ওঠে তখনই সন্ধি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিক-উল হক
রফিক-উল হক

টেলিফোনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বেশি কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তুলনায় অনেক কম কথা বলেছেন। এই আলোচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে অনিশ্চয়তা সৃষ্টির কোনো কারণ আমি দেখছি না। মূল বিষয় হচ্ছে, নির্বাচনকালীন সরকার নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে হবে। রাজনীতিবিদদের মধ্যে অনড় অবস্থান সব সময়ই থাকে। কিন্তু যুদ্ধ যখন চরমে ওঠে তখনই সন্ধি হয়। এখানেও সন্ধি হতেই হবে। দুই নেতাই দেশকে ভালোবাসেন। আশা করি দেশের স্বার্থে তাঁরা একমত হবেন। একসঙ্গে কাজ করবেন।
দুই নেত্রীর টেলিফোন আলাপ প্রকাশেও কোনো অসুবিধা দেখছি না। তবে দুজনের কথোপকথনের মধ্যে ব্যক্তিগত অংশটুকু বাদ দিয়ে শুধু রাজনীতিসংশ্লিষ্ট অংশটুকু প্রকাশিত হলে ভালো হতো। তাঁরা তো দেশের মানুষের জন্য পরস্পরের সঙ্গে কথা বলেছেন, মানুষের জন্য আলোচনা করেছেন। এ জন্য কথোপকথনের ‘পাবলিক রিলেটেড’ অংশ জানার অধিকার দেশের মানুষের আছে এবং তা জানতে সবাই আগ্রহী বলেও আমি মনে করি। কিন্তু ব্যক্তিগত অংশটুকু যেমন কেক কাটা, জন্মদিন পালন করা এগুলো উন্মুক্ত হওয়া ঠিক হয়নি। আমরা তো নিজেদের মধ্যে অনেক ব্যক্তিগত কথা বলি, এগুলো কি মানুষের জানা ঠিক?

রফিক-উল হক
জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট