যুদ্ধ হলে অপরাধ তো হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘যুদ্ধ হলে অপরাধ হবেই। এটা স্বীকার করা বা না করার প্রশ্ন আসবে কেন?’ তিনি বলেন, ‘যুদ্ধের পর মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যুদ্ধাপরাধীদের চিহ্নিত করেছিলেন।...যারা ৩০ লাখ লোককে হত্যা করল, দুই লাখ মা-বোনদের ধর্ষণ করল, তাদের চিহ্নিত করেও ছেড়ে দেওয়াটা ছিল সবচেয়ে বড় অপরাধ।’মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ হয়েছিল, এটা জামায়াত স্বীকার করে কি না—গতকাল সোমবার দুপুরে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ টি এম আজহার এ কথা বলেন। তবে তিনি মুক্তিযুদ্ধের সময় জামায়াতের অবস্থান ও দলটির নেতাদের ভূমিকা নিয়ে কোনো কথা বলেননি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজহার দাবি করেন, ‘যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টি ৩৯ বছর আগেই মীমাংসা হয়ে গেছে।’ সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে নানা ব্যর্থতা, অপকর্মের অভিযোগ এনে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। আজহারুল ইসলাম বলেন, দেশ আজ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংবিধানিক নানা সংকটে জর্জরিত। দেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের মতো গ্যাস, বিদ্যুৎ ও পানি পাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অতিষ্ঠ।জামায়াতের এই নেতা দাবি করেন, সরকারের ভারতমুখী পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ও মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রায় সব মুসলিম দেশেই বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমে গেছে। ভারতকে ট্রানজিট দেওয়া চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর, আশুগঞ্জ স্থলবন্দর ব্যবহারের অনুমতি দেওয়া ও ভারত থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।কর্মসূচি: সরকারের পদত্যাগ ও জামায়াত-শিবিরের গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে মহাজোট নেতাদের সঙ্গে সংঘর্ষে নিহত জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের স্মরণে কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। কর্মসূচি হলো: ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ, ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আলোচনা, দোয়ার মাহফিল এবং আগামী ১ থেকে ৩ নভেম্বর দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ।