যুদ্ধদিনের কথা শোনালেন তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটি ছিল একেবারেই সাদামাটা ও ঘরোয়া। উপস্থিতিও ছিল হাতে গোনা। কিন্তু ওই অনুষ্ঠানে তিন নারী যখন শোনাচ্ছিলেন মুক্তিযুদ্ধের স্মৃতিকথা, তখন সেখানে নেমে আসে পিনপতন নীরবতা। সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন তাঁদের কথা। তাঁদের মধ্যে কেউ শোনালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থায় কীভাবে যুদ্ধে গেলেন। আবার কেউ শোনালেন স্বামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর তাঁদের নিজেদের সংগ্রামের কথা।
বাংলাদেশ জাতিসংঘ সমিতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে তাদের এলিফ্যান্ট রোডের কার্যালয়ে। আমন্ত্রণপত্রে আলোচনা সভার কথা বলা হলেও পুরো অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতিচারাণমূলক অনুষ্ঠানে। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলে অনুষ্ঠান।
মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা ওরফে রাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগে ও পরের বিভিন্ন স্মৃতি বর্ণনা করেন। একাত্তরের ১ মার্চ জ্বর নিয়েও কীভাবে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে মিছিলের নেতৃত্ব দেন এবং পরে মিছিলটি কীভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা যেমন বললেন, তেমনি ছেলেদের আগেই রোকেয়া হলে মুক্তিযুদ্ধের বিষয়ে নারীদের প্রশিক্ষণ শুরুর কথাও শোনালেন। এরপর ২৫ মার্চের গণহত্যার ভয়াবহ চিত্র বর্ণনা করে বললেন, নানা কষ্ট ভোগ করে খাল-বিল-নদীনালা পেরিয়ে ভারতে যাওয়ার কথা ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা। বিষয়গুলো যে কত কঠিন ছিল তাঁর আবেগমাখা কণ্ঠেই বোঝা যাচ্ছিল।
সাংসদ কর্নেল শওকত আলীর স্ত্রী বেগম মাজেদা শওকত আলী বললেন, তাঁর স্বামীর ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হওয়া ও গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা। মুক্তিযুদ্ধের সময় যশোরে তাঁর স্বামীকে খুঁজতে এসে না পেয়ে পাকিস্তানি সেনারা কীভাবে তাঁকে ও সন্তানকে হত্যা করতে চেয়েছিল, সেই দুঃসহ স্মৃতির কথাও বললেন।
অনুষ্ঠানের সভাপতিও ছিলেন একজন নারী, মুক্তিযুদ্ধের সময় পুলিশ কর্মকর্তা (স্বাধীন বাংলাদেশের পুলিশের প্রথম মহাপরিদর্শক) আবদুল খালেকের স্ত্রী বেগম সেলিনা খালেক। তিনিও শোনান তাঁদের রেখে কীভাবে তাঁর স্বামী জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেই সব দিনের কথা। আবার কলকাতায় গিয়ে ছোট্ট ঘরে ভাড়া থাকার কথাও উঠে আসে তাঁর কথায়।