যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশে নতুন জীবন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশের মানুষ নতুন করে জীবন শুরু করেছে। যুদ্ধপরবর্তী সমাজে মানুষ পরিবর্তন দেখতে পাচ্ছে। পরিবারে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, নারী-পুরুষ সম্পর্কেও পরিবর্তন এসেছে।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০১০’ প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর এ পরিবর্তনের কথা বলা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। ইউএনএফপিএ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, পৃথিবীর প্রায় সব দেশের রাজধানী থেকে প্রতিবেদনটি গতকাল প্রকাশ করা হয়েছে।ইউএনএফপিএর প্রতিবেদনের এ বছরের প্রতিপাদ্য ‘সংঘাত ও সংকট থেকে পুনরুদ্ধার: পরিবর্তনের এক প্রজন্ম’। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ হলেই মানুষ বিপর্যয় কাটিয়ে উঠতে পারে না। যুদ্ধের প্রভাব পড়ে সমাজের সর্বস্তরের মানুষের ওপর। কিন্তু সবচেয়ে বেশি বিপর্যয় আসে শিশু, নারী ও বৃদ্ধ মানুষের জীবনে।অনুষ্ঠানের সভাপতি ও ইউএনএফপিএর আবাসিক প্রতিনিধি আর্থার আর্কেন জানান, ২০০০ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের (১৩২৫) ভিত্তিতে ইউএনএফপিএ এ বছরের প্রতিপাদ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।কয়েকটি যুদ্ধবিধ্বস্ত দেশের ওপর সমীক্ষা চালিয়ে ইউএনএফপিএ এই প্রতিবেদন তৈরি করেছে। এর মধ্যে আছে বসনিয়া ও হারজেগোভিনা, লাইবেরিয়া, উগান্ডা, তিমুর-লিস্তে, ইসরায়েলি দখলদারির শিকার ফিলিস্তিনি এলাকা, জর্ডান ও হাইতি। ইরাক যুদ্ধ থেকে বাঁচতে সে দেশের মানুষ জর্ডানে আশ্রয় নিয়েছিল। আর হাইতিতে যুদ্ধের পর ভূমিকম্প বিপর্যয় এনেছিল। প্রতিবেদনে এমন নারী-পুরুষের গল্প তুলে ধরা হয়েছে, যাঁরা তাঁদের আত্মীয়, পরিবার ও সমাজ থেকে অনেক সাহায্য পেয়েছেন। একজন ফিলিস্তিনি নারীর কথা ধরা যাক। একটি বিমান হামলায় তিনি প্রতিবন্ধী হয়ে যান এবং তাঁর ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিনি গভীর হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় একজন নারীবাদী কর্মী। তিনি প্রতিবন্ধী ওই নারীকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করে দেন। অন্য শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ে সহায়তা করেন। তাঁর সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরোনো ভবন থেকে শ্রেণীকক্ষ সরিয়ে নেয়।গতকালের অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, দুর্যোগের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। তিনি বলেন, দুর্যোগের সময় নারী তাঁর দায়িত্ব ঠিকই পালন করেন। দুর্যোগ শেষেও নারী তাঁর দায়িত্ব ছেড়ে দেন না।অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী আহমেদ আনসারী বলেন, সামান্য ব্যয় বাড়ালে এ দেশে ভূমিকম্পসহন ভবন নির্মাণ করা সম্ভব। দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর ভূমিকা নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা নাসরিন।