যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে ব্যয় ২৭৪ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত আওয়ামী লীগ আমলে কেনা মিগ-২৯ আর চারদলীয় জোট সরকারের সময় কেনা এফ-৭ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় পৌনে ৩০০ কোটি টাকা। গতকাল রোববার নওগাঁর সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার জাতীয় সংসদে এ তথ্য জানান।তিনি বলেন, এর মধ্যে নয় বছরে আটটি মিগ-২৯ জঙ্গি বিমানের জন্য ২২২ কোটি টাকা এবং চার বছরে ১৬টি এফ-৭ বিজি/এফটি-৭ বিজি বিমানের জন্য ৫২ কোটি টাকা রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে। এগুলো কেনা হয়েছিল যথাক্রমে প্রায় ৮৫৭ কোটি ও ৮৯৮ কোটি (মোট ১৭৫৫ কোটি) টাকায়। পরিকল্পনামন্ত্রী জানান, বিমানবাহিনীর জন্য ১৯৯৯ সালে মিগ-২৯ জঙ্গি বিমান এবং এর খুচরা যন্ত্রাংশ কেনার জন্য চুক্তি হয়। এর আওতায় ছয়টি মিগ-২৯ বি এবং দুটি মিগ-২৯ ইডবি ও অন্যান্য যন্ত্রাংশ-সুবিধাদির ক্রয়মূল্য ছিল ১২ কোটি ৩৯ লাখ ৮০ হাজার পাঁচ মার্কিন ডলার।