যুদ্ধবিমানের জরুরি অবতরণ, রক্ষা পেয়েছেন বৈমানিক
বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান (ফাইটার এয়ারক্র্যাফট্) গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে প্রায় প্রায় দেড় শ ফুট দূরে ঘাসের মধ্যে পড়ে। অবতরণের সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে গেলেও অবতরণের সময় একমাত্র বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসিম বিল্লাহ দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। সামান্য আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে ও পরে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে বিমানবাহিনী সূত্রে জানা গেছে।বিমানবন্দরের পাশেই রয়েছে বিমানবাহিনীর বিএএফ জহুরুল হক ঘাঁটি। এই ঘাঁটি থেকেই যুদ্ধবিমানটি প্রশিক্ষণকাজের প্রয়োজনে উড়ে গিয়েছিল।সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে ওড়ার সময় এ-৫ মডেলের এই যুদ্ধবিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এজন্য এটিকে কৌশলে জরুরি অবতরণ করাতে হয়। বৈমানিকের বুদ্ধিমত্তার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে কর্মকর্তারা জানান। কিছুটা পুরোনো এই যুদ্ধবিমান চীন থেকে সংগ্রহ করা হয়েছিল।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা ১২টা ২০ মিনিটে রানওয়েতে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বৈমানিক বিশেষ কায়দায় সেটি থেকে বেরিয়ে আসেন। এটি বৈমানিক ছাড়াই প্রায় ৫০০ মিটারের মতো গিয়ে রানওয়ের পাশের ঘাসের মধ্যে মুখ থুবড়ে পড়ে।যুদ্ধবিমানে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বিমানবন্দরের ইউনিট এবং আগ্রাবাদ কার্যালয়ের আগুন নেভানোর দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁরা আগুন আয়ত্তে আনেন। খবর খেয়ে বিমানবাহিনীর উড্ডয়ন নিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম যান। তিনি সরেজমিনে ঘুরে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সন্ধ্যায় ঢাকায় ফিরে গেছেন। কোন পরিস্থিতিতে যুদ্ধবিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে সে বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানা যায়।রানওয়ে দেড় ঘণ্টা বন্ধ: দুর্ঘটনার কারণে গতকাল বেলা ১২টা ২০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। এ সময় বেসরকারি বিমান কোম্পানি জিএমজির একটি বিমান বিমানবন্দরে আটকা পড়ে। ওই সময় ইয়াংওয়ান করপোরেশনের ছোট একটি প্রশিক্ষণ বিমান এ বিমানবন্দরে নামতে পারেনি।বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুন নেভানো ও উদ্ধার-তৎপরতা শেষ হলে বেলা পৌনে দুইটায় জিএমজির ফ্লাইটটি ঢাকার উদ্দেশে চট্টগ্রামের এই বিমানবন্দর ছেড়ে যায়। এর পরপরই অবতরণ করে ইয়াংওয়ান করপোরেশনের প্রশিক্ষণ বিমানটি। এর পর থেকে বিমানের স্বাভাবিক ওঠানামা চলতে থাকে।