কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে পাল্টা মিছিল-সমাবেশ করে শিবির। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাতে প্রধান ফটকে গেলে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা তাঁর ওপর চড়াও হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। এ কারণে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ক্যাম্পাস ছেড়ে যেতে পারেনি। বেলা একটার দিকে প্রক্টর জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধ প্রত্যাহার করে নিতে তাঁদের প্রতি আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা আশিকুর রহমান, গিফারী গাফফার, আনিসুজ্জামান, সাজন মৃধাসহ আরও কয়েকজন কর্মী তাঁর ওপর চড়াও হন। পরে পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। প্রক্টরের ওপর চড়াওয়ের ব্যাপারে জানতে আশিকুর, আনিসুজ্জামান ও সাজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি। প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে উচ্ছৃঙ্খল কয়েকজন আমার ওপর চড়াও হয়।’ এদিকে মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুপুর ১২টার দিকে ‘চেতনায় বাংলাদেশ’-এর ব্যানারে শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন।