তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধ নিয়ে পাকিস্তান যে ভূমিকা রাখছে, তা অনেকটা শত্রুরাষ্ট্রের মতোই। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা বা ছিন্ন করার বিষয়টি সরকার পর্যালোচনা করে দেখছে। গত শুক্রবার রাতে শেরপুর শহরের চকবাজার এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে জাসদের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর শাসনামলে যে সাড়ে ১২ হাজার লোককে যুদ্ধাপরাধে অভিযুক্ত করা হয়েছিল, তাঁদেরও বিচারের আওতায় আনা হবে।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের মুখোশ পরে রাজনীতির ময়দানে জঙ্গিদের হালাল করার চেষ্টা করছেন। যুদ্ধাপরাধীদের যেহেতু বিচার হয়েছে, এ দেশে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ারও বিচার হবে। খালেদা জিয়া বাংলাদেশের ট্রেনের বদলে পাকিস্তানের ট্রেনে উঠে পড়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার। সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাসদের সভাপতি মো. মনিরুল ইসলাম।
সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে মো. মনিরুল ইসলামকে সভাপতি ও বিপ্লব দেকে সাধারণ সম্পাদক করে ৫৬ সদস্যের জেলা জাসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।