আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সুরক্ষার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় প্রশাসনিকভাবে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। শেরপুর সার্কিট হাউসে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকির হোসেন ও পুলিশ সুপার মো. আনিসুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে জেয়াদ-আল-মালুম সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান বেগম এবং তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান। কৌঁসুলি জেয়াদ-আল-মালুম আরও বলেন, যেহেতু মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন আসামি জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বাড়ি শেরপুরে। তাই তাঁর বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দিয়েছেন এবং ভবিষ্যতে দেবেন, তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন সাক্ষী নিরাপত্তাহীনতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অবহিত করেছেন বলেও তিনি জানান।