যুদ্ধাপরাধ মীমাংসিত ইস্যু: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিষয়টি আবারও ‘মীমাংসিত ইস্যু’ বলে আখ্যায়িত করলেন জামায়াতে ইসলামীর একজন শীর্ষনেতা। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল শনিবার দলীয় সমর্থক আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্তব্য করেন, সরকার দেশকে পশ্চাদ্মুখী করতেই ৪০ বছর আগে মীমাংসিত ‘কথিত যুদ্ধাপরাধকে’ ইস্যু বানিয়েছে।আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ পরিচালনায় শতভাগ ব্যর্থ হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্যই কথিত যুদ্ধাপরাধকে ইস্যু বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের সব ‘অপকর্মের’ সমুচিত জবাব দেওয়ার হুমকি দেন জামায়াতের এই নেতা। আজহারুল ইসলাম বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ’৯৮ সালের আগে বাংলাদেশে যুদ্ধাপরাধী শব্দটি উচ্চারণ করা হয়নি। ’৯৮ সালে আমরা চার দল গঠন করার পর যখন আওয়ামী লীগের ভরাডুবি হলো, তখন থেকেই আওয়ামী লীগ এই নতুন ইস্যু সৃষ্টি করে।’আন্তর্জাতিক বিধি অনুযায়ী বাংলাদেশে যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে বলে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, তার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘দুনিয়ার মানুষকে বোকা বানিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। সৎসাহস থাকলে কালো আইন পরিবর্তন করুন।’ সত্তর-একাত্তর সালে যাঁরা সাবালক ছিলেন, তাঁদের এক কোটি লোকও এখন জীবিত নেই মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মশিউল আলম বলেন, জাতিকে এখন টেলিভিশনে ‘চাপাবাজির মাধ্যমে’ সাজানো কাহিনি দেখানো হচ্ছে।