যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত র‌্যাপ ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ আজ রোববার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। সফরের সময় তিনি যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় মার্কিন সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে আলোচনার জন্য প্রায় আড়াই মাস পর আবার ঢাকায় আসছেন স্টিফেন র‌্যাপ। গত ৯ জানুয়ারি তিনি চার দিনের সফরে ঢাকায় এসেছিলেন। ওই সফর শেষে দেশে ফেরার আগে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ অনুসারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রাখতে হলে এ পরিবর্তন জরুরি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার স্টিফেন র‌্যাপ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি ওই দিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত (অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ) পদে নিয়োগ পাওয়া র‌্যাপ ২০০৭ সালের জানুয়ারি থেকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের আইনজীবী হিসেবে কাজ করেছেন। প্রেসিডেন্ট ওবামা র‌্যাপকে যুদ্ধাপরাধবিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ নিযুক্ত করেন এবং সিনেটের অনুমোদনের পর তিনি ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর এই পদ গ্রহণ করেন।