যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট দেবেন না: সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনে যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভোট না দিয়ে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি গতকাল শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন আয়োজন করে এ আহ্বান জানিয়েছে।‘আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বান’ শীর্ষক এই মানববন্ধন কর্মসূচিতে সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। কিন্তু অনেক জায়গায় বাধা আসছে। এ বাধা অদৃশ্য। সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। কারণ আইন শুধু নির্বাচন কমিশনের জন্য নয়, প্রার্থী ও ভোটারদের জন্যও প্রযোজ্য।অধ্যাপক মোজাফ্ফর আরও বলেন, মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। সব জায়গায় ভোটারদের মুখে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের দাবি উঠেছে। এটা ভালো লক্ষণ।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান হাফিজউদ্দিন খান যুদ্ধাপরাধী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দায়িত্ব সফলভাবে পালন করছে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার যেন প্রভাব খাটাতে না পারে, সে জন্য সরকারের উচিত কমিশনকে সহযোগিতা করা।সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকারব্যবস্থা এবং এর নির্বাচনের ক্ষেত্রে অতীতের প্রতিটি সরকারই আইন অমান্য করেছে। পরিকল্পিতভাবে স্থানীয় সরকারব্যবস্থাকে দুর্বল করে রাখা হয়েছে। কিন্তু দেশের উন্নয়নে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।মানববন্ধনে ‘নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী চাই, জেলাখানা হোক দুর্বৃত্তের ঠাঁই’, ‘একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না কলাগাছে’জাতীয় লেখাসংবলিত ফেস্টুন হাতে সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ নেয়।