যুদ্ধাপরাধী ও অর্থ পাচারের বিচার নস্যাৎ করতে বিচার বিভাগের ওপর হামলা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মহাজোট সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রতিবাদ সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন।
বিচার বিভাগের ওপর নগ্ন হামলা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে সভাটি অনুষ্ঠিত হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের ওপর নগ্নভাবে হামলা চালানো হচ্ছে, যেটা আগে কখনো ঘটেনি। ইতিমধ্যে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার বাড়িতে বোমা হামলা হয়েছে। প্রধান বিচারপতির বাড়িতে বোমা হামলা করতে গিয়ে এক সন্ত্রাসী আহত হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতে ও দায়রা আদালতেও বোমা হামলা করা হয়েছে। আইনমন্ত্রীর বাসায় হামলা চালানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের ওপর সুনির্দিষ্টভাবে হামলার কারণ কী? কারণ হলো, যুদ্ধাপরাধীদের মামলা যেটা আপিল বিভাগে বিচারাধীন আছে, সে মামলাগুলোকে নস্যাৎ করা, মামলাগুলোর শুনানি যাতে না হতে পারে, সেজন্য ভয়ভীতি সৃষ্টি করা। তিনি বলেন, নিম্ন আদালতে, সেশন ও ম্যাজিস্ট্রেট কোর্টে বোমা হামলার একমাত্র কারণ হলো, দেশ থেকে ইতিমধ্যে যাঁরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেসব মানি লন্ডারিং মামলার বিচার যাতে না করা যায়। দুর্নীতির মাধ্যমে যাঁরা পাহাড়সম অর্থ অর্জন করে বিদেশে পাচার করেছেন, সে অর্থ যাতে দেশে ফেরত না আনা যায়, সেজন্য বিচার বিভাগের ওপর এভাবে হামলা চালানো হচ্ছে।
এসব হামলার বিরুদ্ধে স্বাধীনতার সপক্ষের আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবী সম্প্রদায়কে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, আজ একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। তিনি বিচারালয়ে, বিচারপতি ও আইনমন্ত্রীর বাড়ির সামনে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে হামলার তীব্র নিন্দা জানান।
সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, বিচার বিভাগ রাজনীতির ঊর্ধ্বে। বিচার বিভাগের ওপর হামলা আইনের শাসন ও জাতির অস্তিতের ওপর আঘাত। পৃথিবীর কোনো দেশে এভাবে বিচার বিভাগের ওপর হামলা করা হয় না।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম এ কুদ্দুস, সমিতির সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন, বশির আহমেদ, শ ম রেজাউল করিম, রবিউল আলম প্রমুখ বক্তব্য দেন।
হরতালের পক্ষে মিছিল: হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মিছিল ও সভা করেছেন বিরোধী দল-সমর্থক আইনজীবীরা। মিছিল শেষে আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সভায় জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।