জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত
যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পদ বাজেয়াপ্ত হবে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়েছে।
সংসদে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি সময়োপযোগী বলে মনে করেন আইনমন্ত্রী। তিনি বলেন, যে প্রস্তাব আনা হয়েছে তার আগেই মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যাঁরা সাজাপ্রাপ্ত পলাতক আসামি, তাঁদের ফিরিয়ে আনতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত ৩১ মে সেই টাস্কফোর্সের সভা হয়েছে।
ওই বৈঠকের কার্যবিবরণী তুলে ধরে আনিসুল হক বলেন, ‘সভায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নামে রক্ষিত সব সম্পত্তি খুঁজে বের করার ব্যাপারে আলোচনা হয়। কিন্তু প্রস্তাবটি যাতে কার্যকর হয়, তার জন্য বিস্তারিত আলোচনা করতে চাই না।’ তিনি বলেন, ‘আলোচনার বিষয়টি খবরের কাগজে প্রকাশিত হলে যে সম্পত্তির পেছনে আমরা আছি, তার কাগজ বদল হয়ে যেতে পারে। এটা বাংলাদেশের ইতিহাসে হয়েছে।’
গতকাল সরকারি দলের সাংসদ ফজিলাতুননেসা বাপ্পি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক’ শিরোনামের এই সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে সাংসদ মনিরুল ইসলাম ও সানজিদা খানমের সংশোধনী প্রস্তাব থেকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধীদের বিষয়টি সিদ্ধান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে সম্পত্তি রাখার অধিকার নেই। যেখানে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি পাওয়া যাবে, তা বাজেয়াপ্ত করা হবে। আইনের ধারা বজায় রেখে যাঁদের ফাঁসি কার্যকর করা হয়ে গেছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
মন্ত্রী বলেন, ‘যাঁরা পলাতক আছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন কোনো আইনের প্রয়োজন হবে না। সে জন্য টাস্কফোর্স আগে পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে। তাই আমি স্বস্তির সঙ্গে বলতে পারি, সংসদে যে প্রস্তাবটি উঠেছে তার কাজ শুরু হয়েছে।’