যুদ্ধাপরাধী চেনার ‘সহজ পাঠ’
বিশাল পর্দা। তাতে রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের তখনকার কার্যকলাপ ও অত্যাচার-নির্যাতনের চিত্র। এমন ভিডিওচিত্রের পাশাপাশি ছিল তথ্যের ধারাবর্ণনা। সেই বর্ণনায় উঠে এল স্বাধীনতাবিরোধীদের নিপীড়নের কথা। এর আগে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় রাজাকার, আলবদরদের তত্কালীন তৎপরতার আলোকচিত্র ও যুদ্ধাপরাধ-সংশ্লিষ্ট সংবাদপত্রের কাটিং।গতকাল শুক্রবার সিলেট মহানগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজে এভাবেই ৩৯ বছর আগের ইতিহাস তথ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরা হয়। আয়োজকদের ভাষায় নতুন প্রজন্মের জন্য এটি যুদ্ধাপরাধী চিহ্নিতকরণের ‘সহজ পাঠ’।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদনমোহন কলেজ ও নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী এ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।বিকেল সাড়ে চারটায় শুরু হয় দুই পর্বের এই অনুষ্ঠান। প্রথম পর্বে যুদ্ধাপরাধীদের সঙ্গে পাকিস্তান সরকারের যোগসাজশ, তাদের সঙ্গে বৈঠক, নিরীহ বাঙালিদের ওপর নির্যাতনের আলোকচিত্র এবং এ বিষয়ক প্রামাণ্য দলিল হিসেবে পেপার কাটিং প্রদর্শন করা হয়। এ পর্বের শিরোনাম ছিল ‘দেশদ্রোহীদের ধারাবাহিক অপকর্মের খতিয়ান’। দ্বিতীয় পর্বের শিরোনাম ছিল ‘ওদের বিভ্রান্তিতে বিভ্রান্ত হবেন না’। এ পর্বে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্বাধীনতাবিরোধীর অপকর্মের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়।আয়োজক সেলিম মিয়া, রাখেশ সরকার, তৌহিদুল ইসলাম, রাফাত আনসারী, অমিত সিংহ জানান, যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া যখন শুরু হতে যাচ্ছে, তখন নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এসব বিভ্রান্তিতে বাংলাদেশের মানুষকে কান না দেওয়ার জন্য তাঁরা তাদের ‘কুকর্মের’ খতিয়ান তুলে ধরার চেষ্টা করছেন।আয়োজকেরা জানান, দেশের ১৬ শীর্ষ যুদ্ধাপরাধীর তত্কালীন কর্মকাণ্ড, বক্তৃতা, বিবৃতি ও নির্যাতনের চিত্র অনুষ্ঠানের দুটি পর্বেই তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রের নির্মাতা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়েফ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের ঋণ শোধের দায় থেকে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।