আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত চলছে। তদন্তে যাঁদের নাম আসবে, তাঁদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেরানীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মিলাদ মাহফিলে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জিনজিরা দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আইন প্রতিমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন।মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২ এপ্রিল কেরানীগঞ্জে পাকিস্তানি বাহিনীর হামলায় প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়। নিহত ব্যক্তিদের স্মরণে উপজেলার জিনজিরা মুন ব্যাপারির ঢাল এলাকায় নির্মিত স্মৃতিসৌধে গতকাল সকালে শ্রদ্ধা নিবেদন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, কেরানীগঞ্জের সাবেক সাংসদ ও তত্কালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মহসিন মন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনসহ সর্বস্তরের মানুষ।গণহত্যা দিবস উপলক্ষে বিকেলে জিনজিরা ডাকপাড়া এলাকায় মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি মো. নাসিরউদ্দিন।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, বাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, কাঙালিভোজ ও আলোচনা সভা।