গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির নামে যুদ্ধাপরাধী রক্ষা কমিটির নেত্রী হয়েছেন। তিনি জামায়াতের নেতাদের বাঁচাতে ঠিকাদারি নিয়েছেন। ঢাকার নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে আব্দুল মান্নান খান বলেন, দেশের সমগ্র জাতি ও বিশ্ববাসী যখন একাত্তরের রাজাকারদের ফাঁসির দাবিতে সোচ্চার, ঠিক সেই মুহূর্তে একজন সেক্টর কমান্ডারের স্ত্রী জামায়াতের নেতাদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। প্রতিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি গোলাম আযম, নিজামীসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আওয়ামী লীগের জন্য যে খাল কাটছেন, সেখানে আপনাকেই পড়ে ডুবতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা হাসিনা মান্নান, সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক সুবিদ আলী, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। প্রতিমন্ত্রী এরপর উপজেলা সঞ্চৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। পরে পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি দোহারে তাঁর নিজ এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।