যুদ্ধাপরাধী সংগঠন ও ১৯৫ পাকিস্তানি সেনার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী, আলশামস, আলবদরসহ একাত্তরের সব যুদ্ধাপরাধী সংগঠনের বিচারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। পাশাপাশি পাকিস্তানের ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধী সেনার বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে গতকাল শুক্রবার বিকেলে এই দুটিসহ ১০ দফা দাবি প্রস্তাব করা হয়। নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন এসব দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস দাবি, গণহত্যা দিবস পালন, যুদ্ধাপরাধীদের বিচার গতিশীল করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল আবার চালু, সংবিধানের চার মূলনীতিতে ফিরে যাওয়া, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ঘটনা তদন্তে একটি কমিশন গঠন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনা বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা চালু, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক একটি কোর্স চালু এবং আপিল বিভাগে যেসব যুদ্ধাপরাধীর মামলা আছে, সেগুলো দ্রুত শেষ করা।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অধিবেশন হয়। গত বৃহস্পতিবার সকালে নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সমাপনী অধিবেশনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী জাতনিরপেক্ষ সমাজ গড়ে তোলার দাবি জানান। দুই দিনের সম্মেলনের মূল বক্তব্য তুলে ধরে সবার মতামত নেন নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।

বক্তব্য দিতে এসে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে অভিনয়শিল্পী শমী কায়সার বলেন, সাংস্কৃতিক আন্দোলন ছাড়া মৌলবাদ দমন সম্ভব নয়। কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশীদও সাংস্কৃতিক আন্দোলনের ওপর জোর দেন।

ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ার দাবি নিয়ে এবার নির্মূল কমিটির রজতজয়ন্তী পালিত হচ্ছে। সেই দাবিকে সমর্থন করে শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর হায়দার চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এটা অবশ্যই স্বস্তির। কিন্তু ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ না হলে আমরা পুরোপুরি শান্তি পাচ্ছি না। আমাদের বাবার আত্মাও হয়তো শান্তি পাচ্ছে না। তাই আমরা সংবিধানের চার মূল নীতিতে পুরোপুরি ফেরত যেতে চাই।’

ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক আইনজীবী তুরিন আফরোজ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের যে ট্রাইব্যুনাল আছে, সেটি স্থানান্তর করা যাবে না। সেখানে জাদুঘর তৈরি করতে হবে।

শিক্ষাবিদ মমতাজ লতিফ বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এখনো জামায়াত-শিবিরের কর্মকর্তারা ঘাপটি মেরে আছেন বলেই পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলামের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে শাহরিয়ার কবিরকে সভাপতি ও কাজী মুকুলকে সাধারণ সম্পাদক করে নির্মূল কমিটির নতুন কমিটি গঠিত হয়। উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে বিচারপতি গোলাম রাব্বানীকে।

এর আগে সকালে ‘বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বি-মৌলবাদীকরণের কৌশল’ শীর্ষক একটি সেমিনার হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, মানুষের যৌথ প্রচেষ্টাই পারে মৌলবাদ থেকে রক্ষা করতে।