যুদ্ধাপরাধী-সাম্প্রদায়িক শক্তিকে রুখতে গণচিত্রাঙ্কন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসরোবরের ঠিক বিপরীতেই ঢাকা আর্ট সেন্টার। ধানমন্ডির সাত নম্বর সড়কের ৬০/এ নম্বরের এ বাড়িতে গতকাল বুধবার বিকেলে বাজছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, ‘ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে/ওরা জেগে আছে মাগো হাজার মনে বিপ্লবী চেতনায়।’ বাড়ির পরিবেশটাও গানের বাণীর মতোই। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শিল্পীরা সেখানে একত্রিত হয়েছেন। ক্যানভাসে যুদ্ধাপরাধীদের কর্মকাণ্ড ও বাংলাদেশের জন্মের নানা ঘটনা মূর্ত করার জন্য হাতে তুলে নিয়েছেন রং ও তুলি। তাঁদের সঙ্গে সাধারণ মানুষও থাকবেন।বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘যুদ্ধাপরাধী—সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এই গণচিত্রাঙ্কনের উদ্বোধন করা হয় ঢাকা আর্ট সেন্টারে। জোট সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য দেশব্যাপী সাংস্কৃতিক অভিযাত্রার অংশ এ গণচিত্রাঙ্কন। যুদ্ধাপরাধীদের বিচারকাজ যাতে সুষ্ঠুভাবে হয়, দোষী ব্যক্তি যাতে শাস্তি পায় এবং দেশে যেন মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে আরও বেশি গণসংযোগ করার জন্যই এ আয়োজন। জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানান, এ গণচিত্রটির মূল ভাবনা যুদ্ধাপরাধী এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। দেশের প্রতিষ্ঠিত চার শিল্পী—নিসার হোসেন, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য ও মনিরুজ্জামানের নেতৃত্বে দেশের বিশিষ্ট চিত্রশিল্পী এবং শিক্ষার্থীরা চিত্রকর্মটি আঁকবেন। এরপর এ গণচিত্রটি ঢাকাসহ সারা দেশে প্রদর্শন করা হবে।শিল্পীদের পক্ষে শিশির ভট্টাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং স্বাধিকার আন্দোলেনের অভিজ্ঞতা থেকেই ছবিটি আঁকা হবে। প্রবীণ শিল্পীদের সঙ্গে ছাত্রছাত্রীও এতে অংশ নেবে।’ শিল্পীরা চিত্রকর্মটির দুটি খসড়া প্রদর্শন করেন। এতে ফুটে উঠেছে বাংলাদেশের শান্ত গ্রাম, যুদ্ধবিধ্বস্ত চেহারা, গণহত্যা, রাজাকারের কুিসত হাসি, সে সঙ্গে আছে তাঁদের গলায় প্রতীকী ফাঁসির দৃশ্য। এরপর চার শিল্পী হাতে তুলে নেন রং আর তুলি-পেনসিল। পৃথকভাবে আঁকা শুরু করেন তাঁরা। শেখ আফজাল আঁকেন, কলসি কাঁখে নদীর পানি আনতে গেছেন গাঁয়ের বধূ। শিল্পী শিশির ভট্টাচার্যের ছবিতে ফুটে ওঠে এক কুিসত হিংস্র রাজাকারের মুখ। এভাবেই শিল্পীরা তুলির আঁচড়ে তাঁদের অভিব্যক্তি ফুটিয়ে তুললেন যুদ্ধাপরাধীদের বিপক্ষে। আয়োজকেরা জানালেন প্রায় ২০০ ফুট লম্বা হবে এই গণচিত্র। প্রতিদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এ চিত্রকর্ম দেখার সুযোগ থাকবে সর্বসাধারণের জন্য। আর পয়লা বৈশাখের মধ্যেই এই গণচিত্রাঙ্কন শেষ করার আশা করছেন আয়োজকেরা।মুক্তিযুদ্ধের বইমেলা ও চলচ্চিত্র উৎসব শুরু গতকাল বুধবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে শুরু হয়েছে তিন দিনের মুক্তিযুদ্ধের বইমেলা ও চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ উৎসবের আয়োজন করেছে।উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।আয়োজকেরা জানান, আগামী শুক্রবার পর্যন্ত এ উৎসব চলবে। এ সময় পর্যন্ত পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং লাইব্রেরি প্রাঙ্গণে বইমেলা চলবে।বেঙ্গলে প্রাণের খেলাবেঙ্গল শিল্পালয় গতকাল সন্ধ্যায় হয়ে উঠেছিল রবীন্দ্র- নজরুলময়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের নানা গান নিয়ে ছিল বেঙ্গলের নিয়মিত আয়োজন ‘প্রাণের খেলা’র এবারের আসর। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় আয়োজন। এবারের শিল্পী ছিলেন ফাহিম হোসেন চৌধুরী ও শারমিন সাথী ইসলাম। দুজনে রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের। বরিশালে স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গতকাল গান শুনিয়েছেন বরিশালের শ্রোতাদের। বিকেল চারটায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে ইউনিলিভার ও ক্লোজআপের আয়োজনে অনুষ্ঠিত হয় কনসার্ট।বিকেলে সিটি মেয়র শওকত হোসেন হিরণ শিল্পীদের শুভেচ্ছা জানান। জাতীয় সংগীত দিয়ে তাঁদের পরিবেশনার শুরু হয় । গান শুনিয়েছেন মনোরঞ্জন ঘোষাল, কামালউদ্দিন আহম্মেদ ও শীলা বর্ধা এবং ক্লোজআপ ওয়ানের আবিদ, অপু, শশী ও পারুল।