
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীকে মন্ত্রী বানানোর দায়দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে। এর জন্য বিচারও একদিন হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো শুরু করেছিলেন জিয়া। পরবর্তী সময়ে সেটাই অনুসরণ করেছেন তাঁর স্ত্রী খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন, লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়েছেন। বিচার হয়েছে, সেই যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। খালেদা জিয়া জাতির কাছে কী জবাব দেবেন? বিচারে প্রতিষ্ঠিত হয়েছে যে এরা যুদ্ধাপরাধী। তাকে যে মন্ত্রী বানিয়ে সম্মান দেওয়া হয়েছিল স্বাধীন দেশে, এর দায়দায়িত্ব তো খালেদা জিয়াকেও একদিন নিতে হবে। যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া, তাদের সম্মান দেওয়া—দেশের মানুষকে ভুলে গেলে চলবে না। এর বিচারও ইনশা আল্লাহ একদিন বাংলার মাটিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলা কিসের মামলা? এ মামলা তো অন্য কোনো কারণে হয়নি। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা হুকুমদাতা, যারা অর্থ দিয়েছে; সবার বিচার বাংলার মাটিতে হবে। তিনি বলেন, ‘মামলা মামলা করে চিল্লালে হবে না। মামলা হয়েছে মানুষ হত্যার জন্য, মানুষ পোড়ানোর জন্য, জাতীয় সম্পদ নষ্ট করার কারণে। তারা মানুষ মারবে, জাতীয় সম্পদ ধ্বংস করবে, আর বিচার হবে না, এটা হতে পারে না। খুনি খুনিই। আর খুনিদের বিচার বাংলাদেশে হবেই। তাদের কেউ রক্ষা করতে পারবে না।’
শেখ হাসিনা বলেন, ‘যে দল গঠন করা হয়েছিল অবৈধ উপায়ে তাদের মুখে শুনতে হয় গণতন্ত্রের কথা। তারা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠন করেছে আর ক্ষমতায় এসেছিল? আজকে যে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, গণতন্ত্রের সংজ্ঞাটা কী, সেটুকু তারা জানে কি না? বা গণতন্ত্রটা বানান করতে পারবে কি না, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ১৯৭৫ সালের পর দেশ চলেছিল অদ্ভুত সরকারের হাতে। একের পর এক যারা ক্ষমতায় অবৈধভাবে এসেছিল—জিয়া, এরশাদ, যারাই ক্ষমতায় এসেছিল, তারা যে অবৈধ সরকার, এটা কিন্তু হাইকোর্টের রায়ে আছে। এটা ভুললে চলবে না। হাইকোর্ট বলেছে, জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতা দখল অবৈধ ও অসাংবিধানিক।’
বক্তৃতার শুরুতে শেখ হাসিনা মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ভারত ও রাশিয়া এবং তাদের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করার পরও সে দেশের যেসব নাগরিক বাংলাদেশের পক্ষে ছিলেন, তাঁদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এবারের বিজয় দিবসে শুধু ঢাকা নয়, সারা দেশে, এমনকি প্রবাসেও নতুন উদ্দীপনা নিয়ে সবাই পালন করেছে।
সবাইকে স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হতে দেব না। এটা আমাদের জীবনপণ।’ তিনি বলেন, ‘এ দেশের মর্যাদা কেউ কখনো হানি করতে পারবে না। এটা আমরা হতে দেব না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই পতাকার মর্যাদা আমরা রক্ষা করব।’
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসররা থাকে বাংলাদেশে, আর স্বপ্ন দেখে পাকিস্তানের। ওই পরাজিত শক্তির দালালি করলে চলবে না। পরাজিত শক্তির অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। আর্থসামাজিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় নষ্ট হয়েছে। আর একটি দিন, একটি ঘণ্টাও নষ্ট করা যাবে না। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে অব্যাহত রাখতে হবে। এ জন্য আওয়ামী লীগের নেতা-কর্মী, সহযোগী সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সেভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশকে আরও এগিয়ে যেতে হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত দেশ হিসেবে মর্যাদা পাবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা।