যুদ্ধাপরাধীদের অর্থবিত্ত অনেক, এর উৎস বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের অর্থবিত্ত অনেক—এ মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের আয়ের উৎস বন্ধ করে দিতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস, জঙ্গি দমন তথা শান্তিরক্ষায় আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।কামরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের আয়ের উৎস। এসব প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এদের আয়ের উৎস বন্ধ করে দিতে হবে।’ তিনি এ প্রসঙ্গে ইবনে সিনা ট্রাস্ট ও ইসলামী ব্যাংকের নাম উল্লেখ করেন।আইন প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা ও বাংলা ভাইকে মদদ দেওয়ার সঙ্গে জড়িত। অথচ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিমন্ত্রী দাবি করেন, ওমর ফারুক জামায়াতের রুকন ছিলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় তিনি সতর্ক করে বলেন, ‘দেশে নতুন আক্রমণ হতে পারে এবং লোমহর্ষক ঘটনা ঘটতে পারে।’ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অনুষ্ঠানে মূলবক্তব্য পাঠ করেন বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক ফণীন্দ্র সরকার। সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, লেখক তারাপদ আচার্য্য, কৃষকলীগের নেতা রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।