আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই শেষ করতে হবে। যুদ্ধাপরাধীদের কেউ বাঁচাতে পারবে না। বাংলার মাটিতে তাঁদের বিচার অবশ্যই হবে। গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া সদরের আদালত প্রাঙ্গণে ‘বিচারব্যবস্থার প্রতিষ্ঠানিক রূপ ও দ্রুত মামলা নিষ্পত্তিকরণ’ শীর্ষক আলোচনা সভা এবং চকরিয়া জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের কোথাও যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে কেউ অবস্থান নেয়নি। কিন্তু বাংলাদেশে একটি মহল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নৈরাজ্য সৃষ্টি করে বিচারকাজ প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলার জনগণ কোনো দিন তা হতে দেবে না। জেলা ও দায়রা জজ মো. মোক্তার আহমদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ সাফিয়া খাতুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এ সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, যা অতীতে কোনো সরকারের আমলে হয়নি।’