যুদ্ধাপরাধীদের কোনো বন্ধু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে হবেই। এ বিচারকাজ বন্ধ করতে পারে, এমন কোনো শক্তি নেই। যুদ্ধাপরাধীরা ভেবেছিল, বিচার শুরু হলে পাকিস্তান, সৌদি আরব ও আমেরিকা তাদের রক্ষায় এগিয়ে আসবে। তারা এগিয়ে আসেনি। যুদ্ধাপরাধীদের কোনো বন্ধু নেই।চট্টগ্রামের লালদীঘি ময়দানে গতকাল বৃহস্পতিবার বিকেলে যুবলীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির রাজনীতির তিনটি লক্ষ্য। যুদ্ধাপরাধীদের রক্ষা করা, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা এবং তাঁর দুই দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করা।যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।সৈয়দ আশরাফ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর থেকে এ দেশে বাজিকরের রাজনীতি শুরু হয়। আমরা বাজিকরদের হাত থেকে দেশকে মুক্ত করতে দিনরাত কাজ করছি। দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে “না” বলার জন্য আমরা ক্ষমতায় এসেছি।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময়ে যুবসমাজকে কান্ডারির ভূমিকা পালন করতে হবে। এ সময়ে ষড়যন্ত্র হবে। শেখ হাসিনার ওপর হামলা হতে পারে। তাই আপনাদের সজাগ থাকতে হবে।’বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে উদ্দেশ করে আফছারুল আমীন বলেন, ‘ভাইফুত (ভাতিজা), তোমার বাবাকে জনতা লালদীঘি মাঠে জুতা মেরেছিল। তখন তিনি “শুকুইয্যা হড়ে” (শুক্কুর কোথায়) বলে চিৎকার দিয়েছিলেন। তোমারও রক্ষা নাই। কায়সার ভাইয়ের (আতাউর রহমান খান কায়সার) বাড়ির সামনে তোমাকে মুক্তিযোদ্ধারা গুলি করেছিল। তোমার ঊরুতে এখনো সেই দাগ আছে।’জাহাঙ্গীর কবির বলেন, ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার জন্য খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলেন, ‘সাকা চৌধুরীর অবস্থা এখন “চোরের মনে পুলিশ পুলিশ” ভাব। তিনি চট্টগ্রাম বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন। কিন্তু আমরা এখনো ধৈর্য ধারণ করছি।’মির্জা আজম অবিলম্বে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘আমরা মনে করি, যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত হচ্ছে। এ জন্য খালেদা, তারেকরা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন।’সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশাররফ হোসেন, মহানগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুুরী ও সীতাকুণ্ডের সাংসদ এ বি এম আবুল কাশেম।