স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধীদের গাড়িতে লাল-সবুজের পতাকা উড়ছিল। এ যেন শহীদদের রক্তের অবমাননা। মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পাওয়া জাতীয় পতাকা আর কোনো দিন যাতে তাদের গাড়িতে উড়তে না দেখা যায়, সেই ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনে সবাইকে বুঝে-শুনে ভোট দিতে হবে।ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ও শশীভূষণ নামের নতুন দুটি থানার আনুষ্ঠানিক কার্যক্রম ও থানা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ভোলায় সাগর মোহনার ঢালচরে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন ও জলদস্যু দমনের জন্য আধুনিক ও দ্রুতগামী জলযান দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোলা জেলা পুলিশ সুপার বশির আহমঞ্চদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম। আরও বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, লালমোহন উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম প্রমুখ। গত ২ জানুয়ারি প্রশাসন পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) চরফ্যাশনের দক্ষিণ আইচা ও শশীভূষণ থানার অনুমোদন করে।