যুদ্ধাপরাধীদের বাঁচাতে মুক্তিযুদ্ধবিরোধী চক্র গভীর ষড়যন্ত্র করে চলছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে জ্বালাও-পোড়াও, ভাঙচুর করে দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে আসছে ওই চক্র। কিন্তু এতে কোনো লাভ হবে না। বর্তমান সরকারের আমলেই একজন যুদ্ধাপরাধীর হলেও চূড়ান্ত রায় কার্যকর হবে।
গতকাল শুক্রবার বিকেলে মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয়, তাহলেও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে।
মন্ত্রী বলেন, মহাজোট থেকে জাতীয় পার্টি বেরিয়ে যাবে না। কারণ দেশ এখন দুই ভাগে বিভক্ত। একদিকে মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতের নেতৃত্বে (বিএনপির নেতৃত্বে নয়), অপরদিকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের পক্ষের দলে থাকবে বলে তিনি আশা করেন।
দিলীপ বড়ুয়া বলেন, জামায়াত একটি মোনাফেকের দল। এই দলটি ’৭১ সালে নিষিদ্ধ হলেও ’৭৯ সালে জিয়াউর রহমান তাদের রাজনীতি করার অনুমতি দেয়। জিয়া সংবিধান না জেনেই জামায়াতকে রাজনীতি করার অনুমতি দিয়েছিল। এটা জিয়া ঠিক করেননি বলে তিনি মন্তব্য করেন।
দিলীপ বড়ুয়া বলেন, মহাজোট সরকার প্রায় ৬০ ভাগ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে। এটাই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন। দৃশ্যমান উন্নয়নের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে না পারাটাই এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে তিনি জানান।
এর আগে উপজেলা পরিষদ সমেঞ্চলনকক্ষে ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাদের মাঝে আড়াই হাজার শাড়ি, লুঙ্গি ও ৩৪টি এতিমখানার তত্ত্বাবধায়কদের কাছে নগদ এক লাখ ২৬ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন, মিরসরাইয়ের পৌর মেয়র এম শাহজাহান, বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. আবু তাহের ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।