যুদ্ধাপরাধীদের জন্য বিরোধীদলীয় নেত্রীর দরদ উথলে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের জন্য বিরোধীদলীয় নেত্রীর দরদ উথলে উঠেছে। তিনি তাদের বাঁচাতে আন্দোলনে যাচ্ছেন। কিন্তু বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে।প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হাজি আবদুল বাতেন সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন। সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান।বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী, এম এ সালাম, আহমেদ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ আবুল কাসেম মাস্টার, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, মাহবুবুল আলম প্রমুখ।শেখ হাসিনা তাঁর বক্তব্যে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে সন্দ্বীপের জনজীবনের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, এ সময়ে সন্দ্বীপ ছিল সন্ত্রাসের দ্বীপ। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। হাজার হাজার মানুষ বিএনপির অত্যাচার-নির্যাতনের কারণে সন্দ্বীপ ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এলাকায় কোনো অঘটন ঘটতে দেয়নি।শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে বলেন, ‘বিএনপির নেত্রী নিজেই দুর্নীতি করেছেন, এমনকি ছেলেদেরও লেখাপড়া শেখাননি। এক ছেলেকে দিয়েছেন ড্রাগ পাওয়ার ডিগ্রি, অপরজনকে দিয়েছেন মানি লন্ডারিংয়ের ডিগ্রি। আর তারা সরকারের টাকা, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। লজ্জায় আমাদেরও মাথা হেঁট হয়ে যায়।’প্রধানমন্ত্রী গতকাল দুপুর ১২টায় হেলিকপ্টারে করে সন্দ্বীপ হাজি আবদুল বাতেন সরকারি কলেজ-সংলগ্ন মাঠে নির্মিত হেলিপ্যাডে এসে নামেন। সেখান থেকে তিনি উপজেলা কমপ্লেক্স-সংলগ্ন ডাকবাংলোয় যান। সেখানে তিনি প্রথমে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে গত তিন বছরে সন্দ্বীপের উন্নয়নকাজের অগ্রগতি বাস্তবায়ন বিষয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।এরপর তিনি প্রধান অতিথি হিসেবে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে ইডকল (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) নবায়নযোগ্য শক্তি কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। স্বাগত বক্তব্য দেন ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ। সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ইডকলের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। প্রসঙ্গত, গতকাল নতুন ১০ লাখ সোলার হোম সিস্টেম ও ২০ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম পরিচালিত হবে সারা দেশে। সন্দ্বীপ থেকেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছিল বলে এর সম্প্রসারণকাজের উদ্বোধনের জন্য এই এলাকা বেছে নেওয়া হয়।