চট্টগ্রামে আ.লীগের একাংশের সমাবেশ
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি
চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, বছরের প্রথম দিন সারা দেশের শিশুদের কাছে একসঙ্গে বই পৌঁছে দেওয়া, দেশের খাদ্যঘাটতি দূর করা এবং কৃষকের দ্বারে দ্বারে সার পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য।মহাজোট সরকারের দুই বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা এ সমাবেশের আয়োজন করে। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নেতা সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, জাসদের কেন্দ্রীয় নেতা সাংসদ মইন উদ্দিন খান, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আ জ ম নাছির উদ্দিন সমাবেশে বক্তব্য দেন।দলীয় সূত্র জানায়, আজ সোমবার একই স্থানে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত নগর আওয়ামী লীগের আরেকটি অংশ সমাবেশ ডেকেছে। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচারণা চালানো হচ্ছে। পরপর দুই দিন দুই পক্ষের সমাবেশ আয়োজনকে দুই পক্ষের শক্তির পরীক্ষা বলে অনেকে মনে করছেন।সমাবেশে দলীয় কর্মী-সমর্থক জড়ো করতে মহিউদ্দিন চৌধুরী ও তাঁর অনুসারীরা কয়েক দিন ধরে কাজ করছিলেন। গতকাল দুপুর থেকে নগরের ৪১টি ওয়ার্ডের নেতা-কর্মীরা ঢোল-বাদ্য বাজিয়ে মাঠে জড়ো হতে থাকেন। দূরদূরান্তের ওয়ার্ডের নেতা-কর্মীরা বাস ও ট্রাকে চড়ে মাঠে যান। ফলে সিনেমা প্যালেস, কোতোয়ালি মোড়, আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।সমাবেশে ১৩টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশনিং প্রথা চালু, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট থেকে দেশবাসীকে বাঁচাতে টিসিবিকে পূর্ণাঙ্গরূপে চালু করা, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করা, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যৌক্তিক হারে রাজস্ব আদায়পূর্বক ট্রানজিট সুবিধা চালু, বেকারত্ব হ্রাসে নতুন নতুন শিল্প স্থাপনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস প্রবর্তনের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পনীতি চালু, কর্ণফুলী নদী ও অন্যান্য নদীর স্থায়ী খনন পদ্ধতি গ্রহণ, চট্টগ্রামকে এশিয়ান হাইওয়েতে অন্তর্ভুক্ত করা, চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১২০ বর্গমাইলে সম্প্র্রসারণ করা ইত্যাদি।সমাবেশে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকার যুদ্ধাপরাধীর বিচারকাজ শুরু করেছে। তিন বছরের মধ্যে এ কাজ শেষ হবে। এক-এগারোর পর রাজনীতি আর রাজনীতিবিদের হাতে ছিল না। ক্ষমতায় এসে শেখ হাসিনা রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে তুলে দিয়েছেন। এটা সরকারের বড় সাফল্য। আকতারুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে দেশে খাদ্য ঘাটতি সৃষ্টি করে। আমরা আবারও সেই ঘাটতি দূর করেছি।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মহাজোট ক্ষমতায় এসে দুই বছরে অনেক সমস্যার সমাধান করেছে। সরকার ভবিষ্যতে সব সমস্যার সমাধান করবে—এ বিশ্বাস আমাদের আছে। এ জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।’