সারা দেশ ১৬ ডিসেম্বর মুক্ত হলেও কিশোরগঞ্জের মানুষ বিজয় দেখে একদিন পর, ১৭ ডিসেম্বর। রাজাকার-আলবদররা কিশোরগঞ্জকে পরাধীন করে রাখে। পরে মুক্তিযোদ্ধাদের আক্রমণে রাজাকাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেই স্মৃতি স্মরণ করতে গতকাল শনিবার মুক্তিযোদ্ধা যুব কমান্ড আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলে যোগ দেন সর্বস্তরের ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ। বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন কয়েক হাজার মানুষ। মিছিল শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার দাবি করেন।আনন্দ মিছিলের আগে যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, কেন্দ্রীয় মহাসচিব এমদাদ হোসেন, প্রবীণ রাজনীতিক সৈয়দ ওয়াহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল, আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আসাদুল্লাহ, পৌর মেয়র মাজহারুল ইসলাম, বাদল রহমান প্রমুখ।বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার দাবি জানান। যেসব রাজাকার, আলবদর বিলম্বিত বিজয়ের সঙ্গে জড়িত, কিশোরগঞ্জের মাটিতে তাদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে তিন কিলোমিটার দীর্ঘ আনন্দ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সারা শহর প্রদক্ষিণ করে মিছিলটি মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়।