সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ পঞ্চগড় জেলা সমন্বয় কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার শুরুর দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের ডাকা সমাবেশে দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে ওই কমিটি ভেঙে দেওয়া হয়। গত শনিবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে ওই সমাবেশ হয়। জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে মো. সায়খুল ইসলামকে সমন্বয়ক করে ২৫ সদস্যের সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১, পঞ্চগড় জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশের শুরুতে অঙ্গীকার বাস্তবায়নে কমিটির সদস্যদের শপথ করান সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান। শপথ অনুষ্ঠানের পরই জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের বক্তব্য দিতে হাতে মাইক্রোফোন নিলে সমম্বয়ক কমিটির কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন আহাম্মদ মাইক্রোফোন কেড়ে নেন। এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম, মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা মঞ্চে এসে ওই কমিটি বাতিলের দাবি জানান। তাঁদের অভিযোগ, রাতের আঁধারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে এ সমন্বয়ক কমিটি করা হয়েছে। এ সময় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধান অতিথির বক্তব্যে লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ শিগগির যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু না হওয়ায় তারা ষড়যন্ত্র করে এই প্রক্রিয়াকে বানচাল করার সুযোগ পাচ্ছে।সমন্বয় কমিটির সমন্বয়কারী মো. সায়খুল ইসলাম দাবি করেন, আজকে যারা এই কমিটির বিরোধিতা করছেন, তাঁদের সঙ্গে পরামর্শ ও আলোচনা করেই এই কমিটি গঠন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে ফোরামের সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান, জাসদের নেতা নাজমুল হক প্রধান প্রমুখ বক্তৃতা দেন। সমাবেশ শেষে মহাসচিব মো. সায়খুল ইসলামকে আহ্বায়ক ও মির্জা আবুল কালাম, মো. জাকির হোসেন, আবদুল কাদের ও আনছার আলীকে সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।