যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। এই দাবি আদায়ে গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচিও পালন করেছে এসব সংগঠন। একই দাবিতে আজ সোমবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা বলেন, একাত্তরের এদেশীয় ঘাতকেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র রুখতে অবিলম্বে যুদ্ধাপরাধী ও তাদের আশ্রয়-প্রশয়দানকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সমাবেশ শেষে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে যান তাঁরা। সেখানে মানববন্ধনও করা হয়।জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা মহানগর শ্রমিক লীগ। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।সমাবেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মো. ইসরাফিল আলম, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ১৯৮২-৯০ সময়কালে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল এক যৌথ বিবৃতিতে ছাত্রনেতারা বলেন, যুদ্ধাপরাধী সংগঠন, সংস্থা ও ব্যক্তিদের তালিকা প্রকাশ এবং তাদের গ্রেপ্তার করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করতে হবে।